সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:১৫ অপরাহ্ন, ২৬ মে ২০২৬

নিউইয়র্কে শেষ হলো ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চার দিনব্যাপী ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা শেষ হয়েছে সোমবার (২৫ মে) রাতে। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত এবারের মেলায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রবাসী বাংলা ভাষাভাষীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। মেলার বেশিরভাগ সময়জুড়ে বৃষ্টি ও শীতল আবহাওয়া বিরাজ করলেও বইপ্রেমী ও সংস্কৃতিমনাদের আগ্রহে ভাটা পড়েনি। যদিও খোলা মাঠে স্থাপিত স্টলগুলো পরিচালনা […]

নিউইয়র্কে শেষ হলো ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চার দিনব্যাপী ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা শেষ হয়েছে সোমবার (২৫ মে) রাতে। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত এবারের মেলায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রবাসী বাংলা ভাষাভাষীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

মেলার বেশিরভাগ সময়জুড়ে বৃষ্টি ও শীতল আবহাওয়া বিরাজ করলেও বইপ্রেমী ও সংস্কৃতিমনাদের আগ্রহে ভাটা পড়েনি। যদিও খোলা মাঠে স্থাপিত স্টলগুলো পরিচালনা করতে গিয়ে প্রকাশক ও বিক্রেতাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।

এবারের আয়োজন দুটি ভাগে বিভক্ত ছিল। হলরুমের ভেতরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আর বাইরের অংশে সাজানো হয়েছিল বইয়ের স্টল। প্রতিকূল আবহাওয়ার কারণে মাঝেমধ্যে বিক্রেতাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও শেষ দিনের অনুকূল পরিবেশে দর্শক সমাগম এবং বই বিক্রি দুটোই বেড়ে যায়।

মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। চার দিনের আয়োজনে ছিল নাচ, গান, নাটক, আবৃত্তি, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, বিতর্ক, বই পরিচিতি এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচনের মতো নানা অনুষ্ঠান। প্রায় প্রতিটি পর্বেই দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ থেকে অনন্যা, ইত্যাদি, অঙ্কুর, নালন্দা ও বাতিঘরসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। পাশাপাশি ছিল মুক্তধারার নিজস্ব স্টলও।

অঙ্কুর প্রকাশনীর স্টলে লেখকের ব্যক্তিগত সংগ্রহের নয়টি বই প্রদর্শিত হয়। প্রকাশনা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেসবাহউদ্দিন আহমদও মেলায় উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, “গণবাহিনীর দিনগুলি”, “বাংলা কেন ৪৭-এ স্বাধীন হলো না” এবং “বীরোত্তম কর্নেল তাহের ও লাল নভেম্বর” বইগুলো পাঠকদের মধ্যে বেশি সাড়া ফেলেছে।

প্রকাশকদের মতে, প্রবাসে নিয়মিত বই পড়ার অভ্যাস সীমিত হলেও একটি নির্দিষ্ট পাঠকগোষ্ঠী বাংলা বই সংগ্রহে আগ্রহী। অনেকে আগে থেকেই পছন্দের বই অর্ডার করে রাখেন।

তবে অংশগ্রহণকারী কয়েকজন প্রকাশক জানান, অনেক সময় বই বিক্রির আয় দিয়ে যাতায়াত ও আয়োজন ব্যয়ও পুরোপুরি উঠে আসে না। তারপরও বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে প্রবাসে টিকিয়ে রাখার লক্ষ্যেই তারা নিয়মিত এই মেলায় অংশ নেন।

এবারের আয়োজন ঘিরে কিছু সাংগঠনিক মতপার্থক্য ও বিকল্প মেলার আলোচনা থাকলেও মূল বইমেলায় দর্শক উপস্থিতি ও উৎসাহে তেমন প্রভাব পড়েনি।

মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা। গত ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাংলা বইমেলার আয়োজন করে তিনি প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ