যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি আদালতের রায়ে মোট ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। প্রায় তিন বছর আগে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নায়াগ্রা ফলস দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ওই তিন বাংলাদেশি। তাদের পক্ষে দীর্ঘ আইনি লড়াই […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি আদালতের রায়ে মোট ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
প্রায় তিন বছর আগে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নায়াগ্রা ফলস দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ওই তিন বাংলাদেশি। তাদের পক্ষে দীর্ঘ আইনি লড়াই পরিচালনা করেন নিউইয়র্কভিত্তিক অ্যাটর্নি মঈন চৌধুরী।
জানা গেছে, নায়াগ্রা এলাকার কাছে একটি প্রাইভেট কারে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিন বাংলাদেশি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে আইনি প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ভুক্তভোগীদের পক্ষে রায় দেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, মক্কেলদের অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, গত দুই দশকে সড়ক দুর্ঘটনা, ভুল চিকিৎসা এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতিসহ বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পক্ষে মামলা পরিচালনা করে তার মাধ্যমে প্রায় ১০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
তবে এবারের মামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। কারণ দুর্ঘটনার সময় তিন বাংলাদেশিই যুক্তরাষ্ট্রে পর্যটক ভিসায় অবস্থান করছিলেন।
মঈন চৌধুরী আরও জানান, পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া আরও কয়েকজন বাংলাদেশির পক্ষেও তার ল ফার্ম সফলভাবে ক্ষতিপূরণ আদায় করেছে। আদালতের রায়ে পাওয়া ক্ষতিপূরণের অর্থ তিনি নিজে বাংলাদেশে গিয়ে কয়েকজন ভুক্তভোগীর হাতে পৌঁছে দিয়েছেন বলেও জানান।
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা পরিস্থিতি ও প্রমাণের ভিত্তিতে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারেন। এসব মামলায় চিকিৎসা ব্যয়, আয় হারানোর ক্ষতি, ভবিষ্যৎ চিকিৎসা ব্যয় এবং দুর্ঘটনার কারণে হওয়া শারীরিক ও মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হতে পারে।
শুধু পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন—এ কারণে কোনো দুর্ঘটনার শিকার ব্যক্তির ক্ষতিপূরণ চাওয়ার অধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। তবে প্রতিটি মামলার ফলাফল নির্ভর করে দুর্ঘটনার পরিস্থিতি, দায় নির্ধারণ, চিকিৎসা ও অন্যান্য প্রমাণ এবং আদালতের সিদ্ধান্তের ওপর।
নিউইয়র্কের এই মামলায় তিন বাংলাদেশির পক্ষে পাওয়া ২৬ লাখ ৫০ হাজার ডলারের ক্ষতিপূরণ প্রবাসী বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকল। দুর্ঘটনার শিকার বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে—তবে প্রতিটি ঘটনা আলাদাভাবে মূল্যায়ন করা হয়।