নিউইয়র্কের ব্যস্ত সড়কে ইচ্ছাকৃতভাবে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে বীমা কোম্পানির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দোষী সাব্যস্ত হাইমে হুইরাকোচা (৫৩) ও ভিক্টর মুরিলোকে যথাক্রমে এক থেকে তিন বছর এবং দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ এই সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একটি টিকটক […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ব্যস্ত সড়কে ইচ্ছাকৃতভাবে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে বীমা কোম্পানির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দোষী সাব্যস্ত হাইমে হুইরাকোচা (৫৩) ও ভিক্টর মুরিলোকে যথাক্রমে এক থেকে তিন বছর এবং দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ এই সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একটি টিকটক ভিডিওর সূত্র ধরে সাজানো দুর্ঘটনার এই চক্রের কর্মকাণ্ড সামনে আসে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কাটজের ১৫ বছর বয়সী ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি দেখতে পায়। ভিডিওতে বেল্ট পার্কওয়েতে একটি হোন্ডা সিভিক গাড়িকে ইচ্ছাকৃতভাবে পেছনের দিকে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দিতে দেখা যায়। পরে ভিডিওটি দেখে তদন্ত শুরু করে পুলিশ।
কাটজ বলেন, ভিডিওটি ছিল চক্রটির ঘটানো তৃতীয় দুর্ঘটনার দৃশ্য। এর সূত্র ধরে তদন্তে হুইরাকোচা ও মুরিলোর বিরুদ্ধে তিনটি সাজানো দুর্ঘটনা ঘটানোর অভিযোগের তথ্য পাওয়া যায়।
তদন্তকারীদের মতে, মুরিলো গাড়ি চালানোর সময় হঠাৎ ব্রেক করতেন, যাতে পেছন থেকে আসা গাড়ি তার গাড়িতে ধাক্কা দেয়। এরপর গাড়ির পেছনের আসনে থাকা সহযোগীরা প্লাস্টিকের ব্যাগ দিয়ে জানালার কাঁচ ঢেকে দিতেন। এই সুযোগে মুরিলো সবার অগোচরে আসন পরিবর্তন করে অন্য জায়গায় চলে যেতেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৪ আগস্ট বেল্ট পার্কওয়েতে ৪৭ বছর বয়সী এক নারী চালকের গাড়ির সামনে হঠাৎ ব্রেক কষে প্রথম দুর্ঘটনাটি ঘটানো হয়।
ওই ঘটনায় চক্রটি বীমা কোম্পানির কাছ থেকে ব্যক্তিগত আঘাতের ক্ষতিপূরণ হিসেবে ৭৯ হাজার ডলার আদায় করে বলে অভিযোগ রয়েছে।
এরপর ৩ অক্টোবর আরেকটি দুর্ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় মুরিলো একটি ট্রাকের সামনে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেন। তবে ট্রাকচালক বিষয়টি বুঝতে পেরে তাদের চ্যালেঞ্জ করেন। এরপরও ওই ঘটনায় চক্রটি ৫ হাজার ডলার আদায় করতে সক্ষম হয় বলে প্রসিকিউটররা জানিয়েছেন।
তৃতীয় ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর। সেদিন এক নারী চালকের গাড়ির সামনে হঠাৎ ব্রেক কষে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেন মুরিলো। নারী চালক দ্রুত ব্রেক করে সংঘর্ষ এড়িয়ে গেলেও মুরিলো গাড়িটি রিভার্স করে তার গাড়িতে সজোরে ধাক্কা দেন।
এই ঘটনার ড্যাশক্যাম ফুটেজই পরে টিকটকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার পর তদন্ত এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেন, সাজানো দুর্ঘটনার মাধ্যমে বীমা প্রতারণা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতি করে না, বরং এর আর্থিক চাপ শেষ পর্যন্ত সাধারণ গাড়িচালকদের ওপরও পড়ে।
এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, গত পাঁচ বছরে অঙ্গরাজ্যে সাজানো দুর্ঘটনার সংখ্যা তিনগুণ বেড়েছে। ২০২৩ সালে প্রায় ১ হাজার ৭০০টি এমন দুর্ঘটনা ঘটেছে, যা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
গভর্নর হোকুলের মতে, প্রতারক চক্রগুলো দীর্ঘদিন ধরে ব্যবস্থার বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়েছে। এর ফলে নিউইয়র্কের সাধারণ বাসিন্দাদের গাড়ির বীমার জন্য বছরে প্রায় ৪ হাজার ডলার পর্যন্ত দিতে হচ্ছে, যা জাতীয় গড়ের তুলনায় প্রায় ১ হাজার ৫০০ ডলার বেশি।
তিনি আশা প্রকাশ করেন, সাজানো দুর্ঘটনা ও বীমা প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং সাধারণ মানুষের গাড়ি বীমার ব্যয়ও কমে আসবে।