নিউইয়র্কের ম্যানহাটনে সাবওয়ে ট্র্যাকে বসে থাকা এক তরুণ ও এক তরুণীকে ট্রেনের ধাক্কায় প্রাণ হারানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের ধারণা, দুর্ঘটনার সময় তারা নেশাগ্রস্ত বা বিভ্রান্ত অবস্থায় ছিলেন এবং সামনে আসা ট্রেনের বিপদ বুঝতে পারেননি। নিহত দুজন হলেন ২৪ বছর বয়সী নাভাম কৌল ও ২৪ বছর বয়সী মালাইকা চিত্রে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ম্যানহাটনে সাবওয়ে ট্র্যাকে বসে থাকা এক তরুণ ও এক তরুণীকে ট্রেনের ধাক্কায় প্রাণ হারানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের ধারণা, দুর্ঘটনার সময় তারা নেশাগ্রস্ত বা বিভ্রান্ত অবস্থায় ছিলেন এবং সামনে আসা ট্রেনের বিপদ বুঝতে পারেননি।
নিহত দুজন হলেন ২৪ বছর বয়সী নাভাম কৌল ও ২৪ বছর বয়সী মালাইকা চিত্রে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, রোববার ভোরে ম্যানহাটনের স্প্রিং স্ট্রিট সাবওয়ে স্টেশনে প্রথমে কৌল কোনোভাবে রেললাইনে নেমে যান। তাঁকে সাহায্য করতে চিত্রেও ট্র্যাকে নেমে পড়েন।
তদন্তকারীদের পাওয়া তথ্য অনুযায়ী, কৌলকে ট্র্যাক থেকে তুলে আনার চেষ্টা করছিলেন চিত্রে। ঠিক তখনই প্রায় ভোর ৩টা ১৫ মিনিটে সেখানে একটি ৪ নম্বর ট্রেন চলে আসে।
ট্রেনটির চালক পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান, কৌলকে টেনে তোলার সময় চিত্রেকে হাসতে দেখা যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দুর্ঘটনার আগের মুহূর্তগুলো দেখা গেছে। সেখানে দুজনকে রেললাইনের ওপর তুলনামূলক শান্তভাবে বসে থাকতে দেখা যায়।
এর কিছুক্ষণ পর দ্রুতগতির ট্রেনটি তাঁদের ওপর উঠে যায়। চালক শেষ মুহূর্তে ব্রেক করার চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানোর মতো পর্যাপ্ত সময় পাননি বলে সূত্র জানিয়েছে।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কৌল বা চিত্রে কিংবা দুজনই অতিরিক্ত নেশাগ্রস্ত ছিলেন কি না। তাঁদের অবস্থার কারণে রেললাইনে থাকার ঝুঁকি এবং সামনে আসা ট্রেনের বিপদ তাঁরা বুঝতে পারেননি কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি। তবে ঘটনাটি আত্মহত্যা ছিল কি না, সেই সম্ভাবনাও তদন্তকারীরা এখনো পুরোপুরি বাদ দেননি।
এই ঘটনার এক সপ্তাহের কিছু বেশি সময় আগে নিউইয়র্কের আরেকটি সাবওয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিন সন্তানের মা ও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) কর্মী মোয়েট ম্যাককালাম।
৪১ বছর বয়সী ম্যাককালাম ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ১৬১ স্ট্রিট-ইয়াঙ্কি স্টেডিয়াম স্টেশনের কাছে দক্ষিণমুখী ট্র্যাকে কাজ করছিলেন। তিনি নির্মাণকাজের ফ্ল্যাগার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ, চলমান কাজের এলাকায় আসা ট্রেনের চালকদের সতর্ক করাই ছিল তাঁর দায়িত্ব। সেখানেই একটি ডি ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
নিউইয়র্কের সাবওয়ে ব্যবস্থায় ট্রেনের সঙ্গে যাত্রীদের সংঘর্ষের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। ২০১৮ সালের পর এই ধরনের ঘটনা বৃদ্ধির বিষয়ে ২০২৪ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে এমটিএর হিসাবে সাবওয়ে ট্রেনের ধাক্কায় মোট ২৪১ জন আহত বা নিহত হন। তাঁদের মধ্যে ৯৭ জনের মৃত্যু হয়।
চলতি বছরে এখন পর্যন্ত সাবওয়ে ট্রেনের ধাক্কায় কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে এমটিএ নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলে। তবে সোমবার বিকেল পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাভাম কৌল ও মালাইকা চিত্রের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিয়ে নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।