সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪২ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬

নিজের বংশ ও দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ, প্রতিমন্ত্রীর দাবি ‘সবই কাকতালীয়’

বগুড়ায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নতুন ইউনিয়নগুলোর নাম তার বংশ এবং দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, পুরো বিষয়টি কেবলই কাকতালীয়। সোমবার জাতীয় সংসদে […]

নিজের বংশ ও দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ, প্রতিমন্ত্রীর দাবি ‘সবই কাকতালীয়’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বগুড়ায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নতুন ইউনিয়নগুলোর নাম তার বংশ এবং দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, পুরো বিষয়টি কেবলই কাকতালীয়।

সোমবার জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী’, যা তার বংশপরিচয়ের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি আরও দুটি ইউনিয়নের নাম ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা প্রতিমন্ত্রীর দুই সন্তানের নামের সঙ্গে মিলে যায়।

সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নামে সরকারি স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণ নিরুৎসাহিত করা হলেও বাস্তবে আবারও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মাগরিবের নামাজের বিরতির পর ব্যক্তিগত ব্যাখ্যা দিতে উঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে প্রশাসনিক যাচাই-বাছাই, স্থানীয় জনমত এবং গণশুনানির ভিত্তিতে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মোকামতলা উপজেলার নতুন ‘সীমান্ত ইউনিয়ন’ গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এ নাম নির্বাচন করা হয়েছে। অন্যদিকে তুলনামূলক দূরবর্তী একটি এলাকার জন্য ‘দিগন্ত ইউনিয়ন’ নাম প্রস্তাব করা হয়, যা এলাকার ভৌগোলিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সীমান্ত ও দিগন্ত নামে অসংখ্য প্রতিষ্ঠান, ভবন ও স্থাপনা রয়েছে। তার সন্তানদের নামের সঙ্গে এসব নামের মিল থাকলেও তা কোনো পরিকল্পিত সিদ্ধান্ত নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, যদি সত্যিই তিনি নিজের সন্তানদের নামে ইউনিয়নের নাম রাখতে চাইতেন, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করার জন্য বলতেন। কিন্তু নতুন ইউনিয়নগুলোর নামের ক্ষেত্রে এমন কিছু করা হয়নি।

বক্তব্যের একপর্যায়ে তিনি রসিকতা করে বলেন, ‘সীমান্ত ব্যাংক কিংবা সীমান্ত এক্সপ্রেস ট্রেনও তাহলে কি আমার নামে? গুলশানের দিগন্ত টাওয়ারও কি আমার?’

তার বক্তব্যের সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

সম্প্রতি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা এবং নবগঠিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের জারি করা গেজেটে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়নের ঘোষণা দেওয়া হয়।

গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে এসব নাম নিয়ে আলোচনা শুরু হয়। সমালোচকদের দাবি, ইউনিয়নের নামগুলো প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয়ের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। অন্যদিকে প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসন বলছে, নামগুলো স্থানীয় বাস্তবতা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জনমতের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত থাকলেও নতুন ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম চালু করার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ