ইরানে রাষ্ট্রীয়ভাবে আরোপিত ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউট তিন সপ্তাহ পার করেছে। দেশটির প্রায় ৯ কোটির বেশি মানুষ এই যোগাযোগ বিচ্ছিন্নতার সরাসরি প্রভাবের মধ্যে পড়েছেন। দীর্ঘদিন ধরে কার্যত ইন্টারনেটবিহীন অবস্থায় থাকায় ইরানের অর্থনীতি দ্রুত ধসের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। গত ৮ জানুয়ারি রাতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনের অংশ হিসেবে হঠাৎ […]
ছবি: সংগৃহীত
ইরানে রাষ্ট্রীয়ভাবে আরোপিত ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউট তিন সপ্তাহ পার করেছে। দেশটির প্রায় ৯ কোটির বেশি মানুষ এই যোগাযোগ বিচ্ছিন্নতার সরাসরি প্রভাবের মধ্যে পড়েছেন। দীর্ঘদিন ধরে কার্যত ইন্টারনেটবিহীন অবস্থায় থাকায় ইরানের অর্থনীতি দ্রুত ধসের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
গত ৮ জানুয়ারি রাতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনের অংশ হিসেবে হঠাৎ করেই ইন্টারনেটসহ প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় ইরানি কর্তৃপক্ষ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। যদিও সম্প্রতি সীমিত আকারে ব্যান্ডউইথ ও কল সেবা আংশিক চালু করা হয়েছে, তবে কঠোর ফিল্টারিংয়ের কারণে সাধারণ মানুষ এখনো বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারে কার্যত বঞ্চিত।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি জানিয়েছেন, এই ব্ল্যাকআউটের কারণে প্রতিদিন গড়ে অন্তত ৫০ ট্রিলিয়ন রিয়াল, অর্থাৎ প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তবে তিনি স্বীকার করেছেন, প্রকৃত ক্ষতির পরিমাণ এর চেয়েও অনেক বেশি হতে পারে। দেশটির অর্থনৈতিক খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ক্ষতির অঙ্ক আরও বড় বলে ধারণা করছেন।
ইন্টারনেট বন্ধের সবচেয়ে বড় আঘাত এসেছে পর্যটন, এভিয়েশন এবং আমদানি-রপ্তানি খাতে। আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, হোটেল বুকিং বন্ধ হয়ে যাওয়া এবং পাসপোর্ট নবায়ন সংক্রান্ত সেবা ব্যাহত হওয়ায় এসব খাত প্রায় অচল হয়ে পড়েছে।
তেহরানের একটি অভিবাসন সংস্থার কর্মকর্তা সাইদ মির্জাই জানান, ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশি দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে বহু শিক্ষার্থী সময়মতো আবেদন জমা দিতে না পেরে শিক্ষার সুযোগ হারাচ্ছেন।
জাতীয় ডাক সংস্থার তথ্য অনুযায়ী, ব্ল্যাকআউট চলাকালে ডাক সরবরাহ প্রায় ৬০ শতাংশ কমে গেছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর ক্ষুদ্র ও গৃহভিত্তিক ব্যবসাগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
সংকট মোকাবিলায় সরকার তাদের নিজস্ব ‘জাতীয় তথ্য নেটওয়ার্ক’ বা ইন্ট্রানেট ব্যবস্থার মাধ্যমে সেবা চালু রাখার চেষ্টা করলেও তা কার্যকর হয়নি। যোগাযোগমন্ত্রী হাশেমি কট্টরপন্থিদের সম্পূর্ণ অভ্যন্তরীণ নেটওয়ার্কের ওপর নির্ভরশীল হওয়ার প্রস্তাবকে ‘তিক্ত রসিকতা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, অনলাইনভিত্তিক ব্যবসাগুলো সর্বোচ্চ ২০ দিনের বেশি টিকে থাকতে পারে না, তাই ব্যান্ডউইথ পুনরুদ্ধার করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।
বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশগুলোর একটি ইরানে এই পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। ২৫ বছর বয়সী ভিডিও সম্পাদক মেহরনাজ বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার আমি নিঃস্ব হলাম—একবার জুনে যুদ্ধের সময়, আর এখন ইন্টারনেট বন্ধের কারণে।’
জীবিকার পাশাপাশি বাকস্বাধীনতা ও ইন্টারনেট ব্যবহারের মৌলিক অধিকার খর্ব হওয়ায় জনগণের ক্ষোভ ক্রমেই বাড়ছে। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘আমার সন্তান অ্যানিমেশন দেখতে চায়, আমার মা খবর পড়তে চান—রাষ্ট্রের কোনো অধিকার নেই আমাদের এই মৌলিক সুবিধা কেড়ে নেওয়ার।’
ইন্টারনেট ফিল্টারিং কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন পর্যন্ত এই দীর্ঘতম ব্ল্যাকআউট নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, যা জনমনে উদ্বেগ আরও বাড়িয়েছে।