হজের মৌসুমে মক্কা পরিণত হয় বিশ্বের মুসলমানদের এক অনন্য মিলনস্থলে। আরবি ছাড়াও এখানে উর্দু, ইন্দোনেশীয়, তুর্কি, ফারসি, বাংলা, ইংরেজি, ফরাসি, সোয়াহিলিসহ নানা ভাষার মানুষের উপস্থিতি দেখা যায়। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন দেশের মানুষ একত্র হলেও হজের একই আচার-অনুষ্ঠানের মাধ্যমে তারা এক আত্মিক বন্ধনে আবদ্ধ হন। এতে মুসলমানদের ঐক্যের প্রকাশ আরও স্পষ্ট হয়ে ওঠে। […]
ছবি: সংগৃহীত
হজের মৌসুমে মক্কা পরিণত হয় বিশ্বের মুসলমানদের এক অনন্য মিলনস্থলে। আরবি ছাড়াও এখানে উর্দু, ইন্দোনেশীয়, তুর্কি, ফারসি, বাংলা, ইংরেজি, ফরাসি, সোয়াহিলিসহ নানা ভাষার মানুষের উপস্থিতি দেখা যায়। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন দেশের মানুষ একত্র হলেও হজের একই আচার-অনুষ্ঠানের মাধ্যমে তারা এক আত্মিক বন্ধনে আবদ্ধ হন। এতে মুসলমানদের ঐক্যের প্রকাশ আরও স্পষ্ট হয়ে ওঠে।
মক্কার পবিত্র স্থানগুলোতে হজযাত্রীরা কাবাকে সামনে রেখে নামাজ আদায় করেন, তাওয়াফ করেন এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। ভাষাগত ভিন্নতা থাকলেও ইবাদতের একই কাঠামো তাদের এক সুরে বেঁধে রাখে। এ কারণে হজ শুধু একটি ধর্মীয় পালনের বিষয় নয়, বরং মুসলিম উম্মাহর ঐক্য, শৃঙ্খলা ও সাম্যের প্রতীক হিসেবেও বিবেচিত হয়।
হজযাত্রীদের সুবিধার জন্য কর্তৃপক্ষও বহুভাষিক সেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে। মসজিদে হারাম ও মসজিদে নববির বিষয় তদারককারী সংস্থা মানারাত আল-হারামাইন প্ল্যাটফর্ম এবং এফএম রেডিওর মাধ্যমে গ্র্যান্ড মসজিদের খুতবার অনুবাদ ১০টি ভাষায় সম্প্রচার করে। পাশাপাশি ওয়্যারলেস হেডফোন ও ডিজিটাল গাইডেন্স কার্ডের মাধ্যমে ৫০টিরও বেশি ভাষায় নির্দেশনা দেওয়া হয়।
মসজিদে হারামের ভেতরে বিভিন্ন বই, ব্রোশিওর, দিকনির্দেশক চিহ্ন ও ইলেকট্রনিক স্ক্রিনের ব্যবস্থাও রাখা হয়েছে। এর সঙ্গে পবিত্র কোরআন এবং তার বহুভাষিক অনুবাদের কপিও সরবরাহ করা হয়, যাতে বিভিন্ন ভাষাভাষী মুসল্লিরা সহজে ধর্মীয় নির্দেশনা বুঝতে পারেন।
এছাড়া মক্কার পবিত্র স্থানগুলোতে বহুভাষী মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকদের দল হজযাত্রীদের সহায়তা করে। তারা নিরাপত্তা, স্বাস্থ্য, হজের আনুষ্ঠানিকতা ও ধর্মীয় দিকনির্দেশনা বিষয়ে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেন। ফলে ভাষার ভিন্নতা সত্ত্বেও হজযাত্রীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন।
হজ তাই বিশ্বের মুসলমানদের কাছে কেবল এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষকে একই আধ্যাত্মিক অভিজ্ঞতায় একত্র করার এক বিরল মাধ্যম। মক্কায় সেই ঐক্যের দৃশ্যই প্রতি বছর নতুন করে ধরা পড়ে।