নতুন বছরের প্রথম দিন থেকেই একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর আওতায় আসা পাঁচটি ব্যাংকের গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং সেবা পাচ্ছেন। একই সঙ্গে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ উত্তোলনও শুরু করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শাখায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে অনেক শাখায় পুরোনো ব্যাংকের সাইনবোর্ড সরিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন […]
ছবি: সংগৃহীত
নতুন বছরের প্রথম দিন থেকেই একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর আওতায় আসা পাঁচটি ব্যাংকের গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং সেবা পাচ্ছেন। একই সঙ্গে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ উত্তোলনও শুরু করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শাখায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে অনেক শাখায় পুরোনো ব্যাংকের সাইনবোর্ড সরিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই স্বাভাবিকভাবে টাকা জমা ও উত্তোলন কার্যক্রম চালু রয়েছে। আমানত সুরক্ষা আইনের আওতায় সাধারণ গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত একবারে উত্তোলনের সুযোগ পাচ্ছেন।
দীর্ঘদিন পর টাকা তুলতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেক আমানতকারী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পল্টন শাখায় টাকা তুলতে আসা গ্রাহক রহমান বলেন, দীর্ঘ অপেক্ষার পর টাকা তুলতে পারায় তিনি স্বস্তি অনুভব করছেন। তার ভাষায়, এই অর্থ তার জন্য খুবই প্রয়োজনীয় ছিল।
বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত করা স্কিম অনুযায়ী—
বিশেষ বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যানসার, কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সময়সীমার বাইরেও অর্থ উত্তোলন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূত প্রক্রিয়ার আওতায় আগের ব্যাংকগুলোর নামে থাকা চেকবই, ডিপোজিট স্লিপ, ভাউচারসহ সব ধরনের ব্যাংকিং কাগজপত্র বৈধ থাকবে। এ জন্য গ্রাহকদের নতুন করে কোনো কাগজপত্র পরিবর্তনের প্রয়োজন নেই।
নির্ধারিত মেয়াদের আগে স্থায়ী আমানত ভাঙা যাবে না। বিদ্যমান আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে। নতুন আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।
যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মী হিসেবে যুক্ত হবেন। প্রয়োজনে পরিচালনা পর্ষদ চাকরির শর্তাবলি পুনর্নির্ধারণ করতে পারবে।
উল্লেখ্য, অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে দীর্ঘদিন সংকটে থাকা শরিয়াহভিত্তিক এসব ব্যাংকে গত ৫ নভেম্বর ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার একটি বড় অংশ খেলাপি।
সারাদেশে সম্মিলিতভাবে রয়েছে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ। ব্যয় কমাতে একই এলাকার একাধিক শাখা একীভূত করা হবে এবং কর্মীদের বেতন–ভাতা ইতোমধ্যে ২০ শতাংশ কমানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ব্যবস্থাপনায় আমানত পুরোপুরি নিরাপদ থাকবে এবং এই রেজুলেশন প্রক্রিয়া ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।