পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়ে ইমরান খানের দুই বোন, তার এক ভাগনে এবং তাদের সন্তানদের আটক করেছে। তবে পিটিআইয়ের তথ্যসচিব […]
ছবি: সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
পিটিআইয়ের মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়ে ইমরান খানের দুই বোন, তার এক ভাগনে এবং তাদের সন্তানদের আটক করেছে।
তবে পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বার্তা সংস্থা এএফপিকে জানান, ইমরানের বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হলেও পরে সন্তানদের ছেড়ে দেওয়া হয়। তিন বোনকে লাহোরের কোট লাখপাত কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
লাহোর থেকে ইমরান খানের বোন আলিমা খান, ডা. উজমা খান ও নূরিন খানকে গ্রেপ্তার করা হয়।
লাহোরের ডেপুটি কমিশনার রোববার পৃথক দুটি আদেশ জারি করেন। এএফপির দেখা ওই আদেশের অনুলিপিতে বলা হয়েছে, পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষণ আইনের আওতায় ইমরানের তিন বোনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এএফপির অনুরোধের জবাব দেয়নি পুলিশ।
ইমরান খানের দল আগামী ২৭ সেপ্টেম্বর বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার এই কর্মসূচিকে অবৈধ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার বিক্ষোভকারীদের সড়ক অবরোধ করে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করতে দেবে না।
ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছরের শেষ দিকে একটি দুর্নীতি মামলায় তাকে ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
৭৩ বছর বয়সী ইমরান খান পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সংকটের মধ্যে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার সময় তার সরকারের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর সম্পর্ক নিয়েও উত্তেজনা চলছিল।
সূত্র: এএফপি