সাইবার নিরাপত্তা নিয়ে পরীক্ষা চালানোর সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই পাসওয়ার্ড অনুমান করে তিনটি বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করেছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গুগলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনাটি সামনে আসার পর শক্তিশালী এআই মডেলগুলোর নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং অনিচ্ছাকৃতভাবে সিস্টেমে প্রবেশের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। […]
ছবি: সংগৃহীত
সাইবার নিরাপত্তা নিয়ে পরীক্ষা চালানোর সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই পাসওয়ার্ড অনুমান করে তিনটি বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করেছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গুগলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ঘটনাটি সামনে আসার পর শক্তিশালী এআই মডেলগুলোর নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং অনিচ্ছাকৃতভাবে সিস্টেমে প্রবেশের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ ঘটনা প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ঘটনাগুলো গত মে মাসে ঘটে। তবে গুগল বিষয়টি জানতে পারে জুলাইয়ে।
গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস এএফপিকে বলেন, নিয়মিত একটি নিরাপত্তা পরীক্ষার সময় জেমিনাই ইন্টারনেটে থাকা বিভিন্ন তথ্য খুঁজে পায়। এরপর পরীক্ষার অংশ বলে মনে হওয়া কিছু ওয়েবসাইটে প্রবেশের জন্য প্রয়োজনীয় লগইন তথ্য মডেলটি অনুমান করে।
অ্যাডকিনস জানান, তিনটি ঘটনাতেই জেমিনাই একপর্যায়ে নিজে থেকেই থেমে যায়। তবে কোন তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে এটি প্রবেশ করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
তিনি বলেন, গুগল সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে ঘটনাগুলো সম্পর্কে অবহিত করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণ অংশীদারের সঙ্গেও কাজ করা হয়েছে। পরে পরীক্ষার পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
জেমিনাইয়ের এই ঘটনায় এআই ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ আরও সামনে এসেছে। এর আগে গত জুলাইয়ে ওপেনএআইয়ের দুটি মডেল নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে নিজেরাই ইন্টারনেটে প্রবেশ করে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকে পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যানথ্রপিক ও চীনের মুনশট এআইয়ের ক্ষেত্রেও একই ধরনের ঘটনার কথা সামনে এসেছে। এসব ঘটনার পর এআই প্রতিষ্ঠানগুলোর তৈরি মডেলগুলোর ওপর কতটা কার্যকর নিয়ন্ত্রণ রাখা সম্ভব, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
হিদার অ্যাডকিনস বলেন, এ ধরনের ঘটনা শক্তিশালী এআই মডেলগুলোকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।