পুলিশ সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে সরকার একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি ও পরামর্শ সহায়তা চাওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার–এর সঙ্গে বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, […]
পুলিশ সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে সরকার একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি ও পরামর্শ সহায়তা চাওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার–এর সঙ্গে বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার পুলিশ ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক ও কার্যকর করতে একটি কমিশন গঠনের পরিকল্পনা করছে। তিনি জানান, এই প্রক্রিয়ায় ইইউ প্রয়োজনীয় পরামর্শ সেবা দিয়ে সহায়তা করতে পারে।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি পরীক্ষিত ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার এবং বর্তমান সরকারের মেয়াদে দুই পক্ষের সহযোগিতা আরও বিস্তৃত করতে চায়।
বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ।
দুর্নীতি দমনে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট কৌশলের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন মাইকেল মিলার। তিনি জানান, এ ক্ষেত্রে ইইউ সব ধরনের কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে প্রস্তুত।
মন্ত্রী রাষ্ট্রদূতের এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বিভিন্ন সেক্টরে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র দ্রুত চিহ্নিত করতে এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ ইইউ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।