বিশ্বব্যাপী মানবাধিকার ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার ভাষায়, মানবাধিকার এখন সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু, আর এই প্রবণতার নেতৃত্ব দিচ্ছেন অনেক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরাই। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে গুতেরেস বলেন, আইনের শাসনের জায়গায় বলপ্রয়োগের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, […]
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী মানবাধিকার ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার ভাষায়, মানবাধিকার এখন সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু, আর এই প্রবণতার নেতৃত্ব দিচ্ছেন অনেক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরাই।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে গুতেরেস বলেন, আইনের শাসনের জায়গায় বলপ্রয়োগের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, এই আক্রমণ গোপনে নয়, বরং সবার চোখের সামনে ঘটছে এবং তা প্রায়ই ক্ষমতাধরদের হাত ধরেই এগোচ্ছে।
যদিও তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি, তবে ইউক্রেনে চলমান যুদ্ধের কড়া সমালোচনা করেন। চার বছর ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, রক্তপাত বন্ধ করার এখনই সময়।
একই সঙ্গে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার, মানব মর্যাদা এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন তিনি। গুতেরেস বলেন, সেখানে চলমান পরিস্থিতি স্পষ্টভাবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এ অবস্থা চলতে দিতে পারে না।
দুর্ভোগকে স্বাভাবিক করে তোলার প্রবণতা
গুতেরেস বলেন, মানবাধিকার সংকট কেবল যুদ্ধবিধ্বস্ত অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং এটি এখন বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে। তার ভাষায়, মানবাধিকারকে ইচ্ছাকৃতভাবে, কৌশলগতভাবে এবং কখনো গর্বের সঙ্গেও পিছনে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে ব্যাপক মানবিক দুর্ভোগকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হচ্ছে, মানুষকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইনকে বোঝা হিসেবে দেখা হচ্ছে।
তার সতর্কবার্তা, মানবাধিকার ভেঙে পড়লে সমাজের অন্য সব ভিত্তিও ধসে পড়ে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমাজের আগে থেকেই ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী।
পরিস্থিতি পরিবর্তনে দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ সনদ, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন কোনো ঐচ্ছিক নীতিমালা নয়। নেতারা নিজেদের সুবিধামতো কিছু অংশ গ্রহণ করে বাকিটা উপেক্ষা করতে পারেন না।