Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৫২ পিএম, ১০ জুন ২০২৬

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, গড়ে তোলা হবে ‘প্রবাসী সিটি’

প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু, ‘প্রবাসী সিটি’ নির্মাণ এবং আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষায় আইনি সহায়তা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব […]

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, গড়ে তোলা হবে ‘প্রবাসী সিটি’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু, ‘প্রবাসী সিটি’ নির্মাণ এবং আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষায় আইনি সহায়তা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণ ও সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে একটি ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কার্ড ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে সংযুক্ত থাকবে, যার মাধ্যমে প্রবাসীরা সহজে দেশে অর্থ পাঠাতে পারবেন। একই সঙ্গে নির্ধারিত সীমার মধ্যে তাদের পরিবারের সদস্যরাও এই অর্থ ব্যবহারের সুযোগ পাবেন।

প্রবাসীদের আবাসন সুবিধা ও বিনিয়োগের সুযোগ বাড়াতে ‘প্রবাসী সিটি’ নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে পূর্বাচলে একটি প্রকল্প বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নুরুল হক বলেন, প্রবাসীদের জন্য রাজধানীর গুলশানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জমিতে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা হিসেবে ৫ হাজার ২২৫ জনকে প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী সন্তানদের ভাতা, বিমা সুবিধা, বিদেশে মৃত কর্মীদের লাশ দেশে আনা, দাফন ব্যয় এবং বিভিন্ন কল্যাণমূলক খাতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশফেরত প্রায় আড়াই লাখ কর্মীকে পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়েছে। তাদের দক্ষতা কাজে লাগিয়ে পুনরায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সরকার কাজ করছে।

প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দরে সেবার মান উন্নত করতে ইতোমধ্যে প্রবাসী কল্যাণ কেন্দ্রের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামেও এ সেবা সম্প্রসারণ করা হয়েছে।

বিদেশে কর্মরত বাংলাদেশিরা নির্যাতন, প্রতারণা বা অন্যায়ভাবে চাকরিচ্যুত হলে আইনি সহায়তা নিশ্চিত করতে ১০টি দেশের বিভিন্ন আইনজীবী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের মাস্কাটে নারী কর্মীদের জন্য সেফ হোম পরিচালিত হচ্ছে।

প্রবাসীদের জরুরি সেবা প্রদানের জন্য দেশে টোল-ফ্রি কল সেন্টার ১৬১৩৫ এবং বিদেশ থেকে যোগাযোগের জন্য বিশেষ হটলাইন চালু রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নুরুল হক বলেন, সরকার মধ্যপ্রাচ্যের বাইরেও নতুন শ্রমবাজার খুঁজে বের করতে কাজ করছে। জাপানে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। একই সঙ্গে ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে কোনো ধরনের সিন্ডিকেট সৃষ্টি না হয় এবং পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও উন্মুক্ত থাকে।

রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম মূল্যায়নের জন্য গ্রেডিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, অভিবাসন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রতারণা রোধ এবং প্রবাসীদের মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: জাতীয় সংসদ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ