সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৫ লাখ ২০ হাজার

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাসের মধ্যেই নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা পর্যন্ত মোট নিবন্ধন হয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৪০ জন প্রবাসী ভোটারের। ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯০ হাজার ৬৬ জন […]

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৫ লাখ ২০ হাজার
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাসের মধ্যেই নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা পর্যন্ত মোট নিবন্ধন হয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৪০ জন প্রবাসী ভোটারের।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯০ হাজার ৬৬ জন এবং নারী ভোটার ৩২ হাজার ৫৭২ জন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করা হয়। পরদিন ১৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি সূত্র জানায়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য এ নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, সিঙ্গাপুরসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বহু দেশ।

দেশভিত্তিক নিবন্ধনের হিসাবে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন—১ লাখ ৩০ হাজার ৩৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, যেখানে নিবন্ধন করেছেন ৬৪ হাজার ১০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে কাতার, সেখান থেকে নিবন্ধন করেছেন ৪৮ হাজার ৯৫১ জন প্রবাসী। এ ছাড়া ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ইতালি ও কানাডাসহ মোট ১২টি দেশে নিবন্ধন সংখ্যা ১০ হাজারের বেশি।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।

এ বিষয়ে গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, দেশের বাইরে ও দেশের ভেতরের ভোটারদের জন্য আলাদা পোস্টাল ব্যালট ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসী ভোটারদের ব্যালট ছাপানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দেশের ভেতরে আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং সরকারি কর্মচারীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে তারা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

এদিকে, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কাজে নিয়োজিতদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ প্রসঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন বলেন, অ্যাপটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি থাকলেও প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে, যা প্রয়োজনে এক কোটিতে উন্নীত করা যাবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ হিসাবে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ