সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৩১ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬

প্রশ্নফাঁস ইস্যুতে গভীর রাতে ভিডিও বার্তা, তরুণদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদি

ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলার মধ্যেই প্রশ্নফাঁস রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওটি প্রকাশের পর ইতিবাচক সাড়া এবং গঠনমূলক পরামর্শ দেওয়ায় দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) ভোরে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, “ধন্যবাদ বন্ধুরা। গত […]

প্রশ্নফাঁস ইস্যুতে গভীর রাতে ভিডিও বার্তা, তরুণদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলার মধ্যেই প্রশ্নফাঁস রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওটি প্রকাশের পর ইতিবাচক সাড়া এবং গঠনমূলক পরামর্শ দেওয়ায় দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) ভোরে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, “ধন্যবাদ বন্ধুরা। গত রাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলাম। আমার ভিডিওতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং যেসব মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি, আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় হবে।”

বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। তিনি জানান, গত আড়াই মাসে সরকার এ ধরনের অপরাধ দমনে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে।

মোদি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের একটি প্রস্তাব তার কাছে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তাব তৈরি করেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর সেটিকে চূড়ান্ত করা হবে এবং সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাসের চেষ্টা করা হবে।

যন্তর মন্তরের আন্দোলন ও সরকারি পদক্ষেপ

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।

আন্দোলনের মুখে কেন্দ্র সরকার ইতোমধ্যে কয়েকটি প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার সিজেপির প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের কাছে একটি দাবি সনদ জমা দেন। এতে নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

তবে সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতি ক্ষমতাসীন বিজেপির পূর্ণ আস্থা রয়েছে এবং তাকে সরানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ