টানা দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২০ মে) স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হতে পারে—এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কাও কিছুটা কমেছে এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা নিচে নেমে আসায় স্বর্ণবাজারে ইতিবাচক […]
ছবি: সংগৃহীত
টানা দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২০ মে) স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হতে পারে—এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কাও কিছুটা কমেছে এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা নিচে নেমে আসায় স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৪৯৯ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে। যদিও দিনের শুরুতে স্বর্ণের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। অন্যদিকে জুনে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স চার হাজার ৫০২ দশমিক ১০ ডলারে।
ধাতুবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘হাই রিজ ফিউচারস’-এর পরিচালক ডেভিড মেগার বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা যেভাবে বাড়ছিল, সেটি এখন কিছুটা স্থিতিশীল হয়েছে। ফলে স্বর্ণের দামও নিম্নমুখী অবস্থা থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে পেরেছে।
১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি নোটের মুনাফা মঙ্গলবার এক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও বুধবার তা কিছুটা কমেছে। সাধারণত সুদের হার বা বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের চাহিদা কমে যায়, কারণ স্বর্ণে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না।
ডেভিড মেগারের ভাষ্য, মধ্যপ্রাচ্যের সংঘাত কমে যাওয়া বা হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে চালু থাকলে তা স্বর্ণবাজারের জন্য ইতিবাচক হবে। কারণ যুদ্ধ পরিস্থিতি শান্ত হলে সুদের হার কমার সম্ভাবনা বাড়ে, যা সাধারণত স্বর্ণের দাম বৃদ্ধিতে সহায়তা করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তার এমন বক্তব্যের পর বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।
বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং তখন কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার উঁচু রাখতে হয়। আর উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণবাজারের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয়।
এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের নীতি সভার প্রতিবেদনের দিকে। বুধবার প্রকাশিত হওয়ার কথা থাকা এই প্রতিবেদনের মাধ্যমে ভবিষ্যৎ সুদের হার নিয়ে বাজারে নতুন ধারণা মিলতে পারে।
স্বর্ণ ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও আজ ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ২৬ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩২ দশমিক ৩৭ ডলারে। তবে প্যালাডিয়ামের দাম সামান্য কমে প্রতি আউন্স এক হাজার ৩৫২ দশমিক ৭৫ ডলারে নেমেছে।