ফেসবুক ও ইনস্টাগ্রামে বয়স গোপন করে অ্যাকাউন্ট খুললেও কিশোরদের শনাক্ত করতে পারবে মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের পাশাপাশি পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে কারও বয়স ১৮ বছরের কম বলে ধারণা হলে তার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে। সোমবার (৯ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে মেটা। […]
ছবি: সংগৃহীত
ফেসবুক ও ইনস্টাগ্রামে বয়স গোপন করে অ্যাকাউন্ট খুললেও কিশোরদের শনাক্ত করতে পারবে মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের পাশাপাশি পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে কারও বয়স ১৮ বছরের কম বলে ধারণা হলে তার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে। সোমবার (৯ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে মেটা। খবর আল-জাজিরার।
মেটা জানিয়েছে, চলতি মাস থেকে ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে বাড়ানো হচ্ছে। কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলার সময় নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও এআই প্রযুক্তি তার অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা নিতে পারবে। সন্দেহভাজন ব্যবহারকারী কিশোর হলে তাঁর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত সুরক্ষাব্যবস্থা কার্যকর হবে।
প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তিটি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী নিরাপত্তার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতে বিশ্বব্যাপী এর ব্যবহার সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি চালু করা হয়েছিল।
নতুন ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রে যেসব অভিভাবক তাঁদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, চলতি মাসে তাঁরা এ বিষয়ে নোটিফিকেশন পাবেন। বছরের পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও একই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে মেটার।
কী কী বিধিনিষেধ থাকছে টিন অ্যাকাউন্টে?
মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের অনলাইন নিরাপত্তার জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারের অনুমতি নেই। পাশাপাশি দীর্ঘ সময় অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বিরতি নেওয়ার পরামর্শ, রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা এবং দৈনিক ব্যবহারের সময় সীমিত রাখার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া সামাজিক তুলনা তৈরি করতে পারে—এমন কিছু লাইক ও রিঅ্যাকশন ফিচার সীমিত করা হয়েছে। কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ রাখা হয়েছে।
একটানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তা দেখানো হবে। সব মিলিয়ে দৈনিক ব্যবহার দুই ঘণ্টার মধ্যে সীমিত রাখার ব্যবস্থাও রয়েছে।
কেন বাড়ছে কড়াকড়ি?
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তায় কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের দীর্ঘ সময় অনলাইনে থাকতে উৎসাহিত করতে পারে। লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও রয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।
এসব সমালোচনা, আইনি পদক্ষেপ ও আর্থিক সমঝোতার চাপের মধ্যে কিশোরদের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। তবে নতুন এআই প্রযুক্তি কীভাবে বয়স নির্ধারণ করবে এবং ভুল শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য কী ধরনের ব্যবস্থা থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এই ঘোষণায় জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা