সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার যুক্তি দেখিয়ে স্থানীয় সময় বুধবার এ প্রস্তাব ঘোষণা করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের সর্বোচ্চ সীমা হতে পারে ১৮ শতাংশ। তবে বিদ্যমান বাণিজ্য সমঝোতা ও […]

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার যুক্তি দেখিয়ে স্থানীয় সময় বুধবার এ প্রস্তাব ঘোষণা করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের সর্বোচ্চ সীমা হতে পারে ১৮ শতাংশ। তবে বিদ্যমান বাণিজ্য সমঝোতা ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা কতটা বাড়বে, তা এখনো স্পষ্ট নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে ‘অন্যায্য বাণিজ্য চর্চার’ অভিযোগে আট মাস ধরে তদন্ত চালানো হয়। সেই তদন্তের পর ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের আওতায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব করা হয়নি।

মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্য অনুযায়ী, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৩৫ শতাংশ, তবে বাণিজ্য চুক্তি হলে তা ২০ শতাংশে নামতে পারে। চীনের পণ্যে অতিরিক্ত ২০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে, যা আগের শুল্কসহ মোট ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশ নির্ধারণের কথা জানিয়েছে ইউএসটিআর। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের জন্য ১০ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে।

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রস্তাবিত শুল্ক আগে থেকে কার্যকর থাকা কিছু শুল্কের সঙ্গে যোগ হবে না। বিশেষ করে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাইয়ে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের পণ্যে যে ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে না। এ ক্ষেত্রে দুটি শুল্ক হারের মধ্যে যেটি বেশি, আমদানিকারকদের সেটিই পরিশোধ করতে হবে। পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্কের সঙ্গেও এটি যুক্ত হবে না।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর ২৪ জুলাই থেকে বাংলাদেশি পণ্যে সেকশন ৩০১-এর আওতায় ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর সঙ্গে নিয়মিত ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) শুল্ক যোগ হওয়ায় বর্তমানে অনেক বাংলাদেশি তৈরি পোশাকের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক দিতে হচ্ছে।

ওয়াশিংটনের যুক্তি, শুল্কের আওতায় আসা দেশগুলো শিল্পনীতি, ভর্তুকি এবং অ-বাজার অর্থনীতির দেশ চীন থেকে আমদানি করা যন্ত্রাংশ ও কাঁচামাল ব্যবহারের মাধ্যমে বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করছে। এতে মার্কিন বাণিজ্য ও শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগে উৎপাদিত পণ্য যাতে মার্কিন বাজারে প্রবেশ করতে না পারে, সেটি ঠেকাতেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ফেডারেল রেজিস্টারে বিজ্ঞপ্তি প্রকাশের পর গণশুনানি ও জনমত গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে আগামী বছরের জানুয়ারির আগে নতুন শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

তথ্যসূত্র: রয়টার্স, ইউএসটিআর

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ