নিজের ধর্মীয় জীবনে তিনবার ‘শয়তানের দর্শন’ পেয়েছিলেন বলে ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে এবং তৃতীয়টি ২০১৮ সালে চিলি সফরের পর। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভ্যাটিকান তাঁর ডায়েরির কিছু অংশ প্রকাশ করেছে। এতে ধর্মযাজকদের যৌন নির্যাতনের কেলেঙ্কারির ভয়াবহতা উপলব্ধি করে ‘নরকের দরজা’ দেখার অনুভূতির কথাও লিখেছেন তিনি। ২০২১ […]
ছবি: সংগৃহীত
নিজের ধর্মীয় জীবনে তিনবার ‘শয়তানের দর্শন’ পেয়েছিলেন বলে ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে এবং তৃতীয়টি ২০১৮ সালে চিলি সফরের পর। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভ্যাটিকান তাঁর ডায়েরির কিছু অংশ প্রকাশ করেছে। এতে ধর্মযাজকদের যৌন নির্যাতনের কেলেঙ্কারির ভয়াবহতা উপলব্ধি করে ‘নরকের দরজা’ দেখার অনুভূতির কথাও লিখেছেন তিনি।
২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে ফ্রান্সিস লিখেছেন, ‘রোমে ফেরার কয়েক দিন পর আমি একটি বৈঠকে ছিলাম। আমি তাকে দেখলাম এবং তার কণ্ঠে বিজয়ের সুর শুনলাম। শয়তান বলল, “এখন আমি যা চেয়েছিলাম, তার সবই পেয়ে গেছি।”’
ফ্রান্সিস আরও লিখেছেন, আগের দুবার শয়তানের দর্শনে তাঁর চোখের চাহনি যেমন ভুলতে পারেননি, এবার তেমনি সেই কণ্ঠস্বরের তীব্র কর্কশতাও ভুলতে পারছেন না।
চিলি সফর ও যৌন নির্যাতনের কেলেঙ্কারি
২০১৮ সালে চিলি সফরের সময় দেশটির সবচেয়ে কুখ্যাত যৌন নিপীড়কদের একজনের বিরুদ্ধে অভিযোগ আনা ভুক্তভোগীদের বক্তব্য অবিশ্বাস করেছিলেন পোপ ফ্রান্সিস। দেশে ফেরার পথে উড়োজাহাজে সাংবাদিকেরা এ বিষয়ে তাঁকে কঠিন প্রশ্ন করেন। পরে তিনি তদন্তের নির্দেশ দেন।
তদন্তে ফ্রান্সিস বুঝতে পারেন, ভুক্তভোগীদের অভিযোগ সঠিক ছিল এবং চিলির চার্চের নেতারা তাঁকে ভুল তথ্য দিয়েছিলেন।
পরে ডায়েরিতে ফ্রান্সিস লেখেন, চিলির পরিস্থিতি এবং উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলোচনা তাঁকে ভেঙে দিয়েছিল। সমস্যাটি কতটা গুরুতর, তা বুঝতে পারলেও বিষয়টি স্বীকার করা তাঁর জন্য কঠিন ছিল।
২০১৮ সালের ৭ জুনের ডায়েরিতে তিনি লিখেছেন, চিলির কেলেঙ্কারিতে তিনি ‘নরকের দরজা’ দেখেছেন এবং পৌত্তলিক প্রলোভন তখন পূর্ণ শক্তিতে কাজ করছিল। পরবর্তী দুই মাসের লেখাতেও চার্চের জন্য এ ঘটনা কী ভয়াবহ লজ্জা ও অমঙ্গল বয়ে এনেছে, তা তুলে ধরেন তিনি।
ব্যক্তিগত ডায়েরিতে উঠে এসেছে অন্তর্দ্বন্দ্ব
‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইটিতে ফ্রান্সিসের ব্যক্তিগত চিন্তা, ভয়, আত্মসংশয়, স্বপ্ন ও প্রলোভনের নানা দিক উঠে এসেছে। নিজের কঠোর সমালোচক ছিলেন তিনি। ডায়েরিতে নিজেকে মূল্যহীন মনে করার অনুভূতি ও লজ্জাবোধের কথাও লিখেছেন। তবে গভীর হতাশার মধ্যেও ঈশ্বরের ওপর তাঁর অগাধ আস্থার কথা উঠে এসেছে।
বইটি সংকলন করেছেন কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। ভ্যাটিকানের ধর্মমতবিষয়ক দপ্তরের প্রধান এই আর্জেন্টাইন ধর্মতত্ত্ববিদ ছিলেন ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী। ফার্নান্দেজ জানিয়েছেন, ফ্রান্সিস নিজেই ডায়েরিটি প্রকাশ করতে চেয়েছিলেন। লেখাগুলোর প্রেক্ষাপট ব্যাখ্যা করার কারণে বইটিতে লেখক হিসেবে তাঁর নাম রয়েছে।
জর্জ মারিও বার্গোগলিও নামে পরিচিত ফ্রান্সিস চামড়ায় বাঁধানো একটি ক্যালেন্ডারকে নোটবুক হিসেবে ব্যবহার করতেন। ১৯৯২ সালে বুয়েনস এইরেসের সহকারী বিশপ থাকাকালে তিনি ডায়েরি লেখা শুরু করেন। কার্ডিনাল ও পরে পোপ হওয়ার পরও ২০২৪ সালের ১৮ আগস্ট পর্যন্ত তা লিখে গেছেন।
২০২১ ও ২০২২ সালের আধ্যাত্মিক সংকট
ফ্রান্সিসের বড় ধরনের আধ্যাত্মিক সংকট শুরু হয়েছিল ২০২১ সালের ২৪ জানুয়ারি। এর আগের দিন ভ্যাটিকান জানিয়েছিল, সায়াটিকার ব্যথার কারণে পোপ কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছেন। তবে ফার্নান্দেজের ভাষ্য অনুযায়ী, সেদিন ফ্রান্সিস অন্ত্রের সমস্যায় অসহনীয় ব্যথায় ভুগছিলেন। ওই বছরের জুলাইয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কোলনের একটি অংশ অপসারণ করতে হয়।
ওই সময় ভ্যাটিকানে বড় ধরনের আর্থিক তদন্ত চলছিল। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে একসময়ের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল অ্যাঞ্জেলো বেচ্চিউকে বরখাস্ত করেছিলেন ফ্রান্সিস।
ভ্যাটিকানের রাষ্ট্রীয় সচিবালয় দুর্নীতিতে জড়িয়ে পড়েছে—এমন ধারণা থেকেই নজিরবিহীন তদন্ত শুরু হয়েছিল। পরে আদালত এ মামলায় বেচ্চিউসহ কয়েকজনকে দোষী সাব্যস্ত করেন। তবে দুর্নীতির ব্যাপক ষড়যন্ত্র নিয়ে কৌঁসুলিদের অভিযোগের বড় অংশ আদালতে প্রমাণিত হয়নি।
ফার্নান্দেজ সরাসরি বিচারপ্রক্রিয়ার কথা উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছেন, ফ্রান্সিসের সংকটের সঙ্গে প্রশাসনিক বিষয়, সিদ্ধান্ত নেওয়ার চাপ, আধ্যাত্মিক শূন্যতা ও হতাশা জড়িয়ে ছিল। তাঁর মতে, সংকটের অন্যতম কারণ ছিল ক্ষমতা প্রয়োগ, সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার প্রলোভন এবং নিজেকে অন্যদের ঊর্ধ্বে ভাবার প্রবণতা।
২০১৩ সালে পোপ হিসেবে দেওয়া প্রথম সাক্ষাৎকারেও ফ্রান্সিস ক্ষমতার ‘স্বৈরাচারী’ ব্যবহারের প্রবণতার কথা স্বীকার করেছিলেন। সমালোচকেরাও প্রায়ই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। ফ্রান্সিসের ক্ষেত্রে এই প্রলোভনের অর্থ ছিল, তিনি একাই সবার সব সমস্যার সমাধান করতে পারবেন—এমন ধারণায় আটকে পড়া এবং নিজেকে ঈশ্বরের মতো ভাবা।
সংকট থেকে উত্তরণ
ফার্নান্দেজের বর্ণনা অনুযায়ী, ২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে ঈশ্বরের করুণার ওপর নিজেকে পুরোপুরি সঁপে দিয়ে সংকট কাটিয়ে ওঠেন ফ্রান্সিস। তিনি উপলব্ধি করেন, ২০২১ সালের ২৪ জানুয়ারির ঘটনা ছিল তাঁর ভেতরে জমে থাকা অন্ধকার কাটিয়ে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের শক্তিশালী আহ্বান।
ফার্নান্দেজের মতে, ফ্রান্সিসের জীবনের শেষ দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষামূলক দলিলও এই সংকটের মধ্য দিয়ে তৈরি হয়েছে। এর একটি ২০২৩ সালে ঈশ্বরের করুণাময় ভালোবাসার ওপর আস্থা নিয়ে এবং অন্যটি ২০২৪ সালে খ্রিষ্টের মানবিক ও ঐশী ভালোবাসা নিয়ে লেখা।
ডায়েরির কিছু অংশ প্রকাশ করা হয়নি
ফার্নান্দেজ জানিয়েছেন, ফ্রান্সিস তাঁর সবচেয়ে গোপন ভাবনাগুলো দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লিখতেন। সেসব লেখা বইয়ে প্রকাশ করা হয়নি। এ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির ক্ষতি হতে পারে, এমন ডায়েরির অংশও বাদ দিয়েছেন তিনি।
তবে তৎকালীন কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট, যিনি বর্তমানে পোপ চতুর্দশ লিও, তাঁর সম্পর্কে ফ্রান্সিসের প্রশংসামূলক মন্তব্য বইয়ে রাখা হয়েছে। ফ্রান্সিস তাঁকে একজন মহান ধর্মযাজক, উদার মিশনারি ও নিষ্কলঙ্ক মানুষ হিসেবে উল্লেখ করেছিলেন।
২০২৫ সালের ২১ এপ্রিল মৃত্যুর আগেই ফ্রান্সিস ডায়েরিটি ফার্নান্দেজকে দেখিয়ে প্রকাশের ইচ্ছা জানিয়েছিলেন। পোপ লিও নির্বাচিত হওয়ার পর ফার্নান্দেজ তাঁকে বিষয়টি জানান। পোপ আগ্রহ দেখিয়ে লেখাগুলো গবেষণার জন্য তাঁর কাছে পাঠিয়ে দেন।
পোপদের মৃত্যুর পর ব্যক্তিগত লেখা প্রকাশের ঘটনা অবশ্য নতুন নয়। ১৯৬০ সালে পোপ জন তেইশতমের আত্মজীবনী এবং ২০১৪ সালে পোপ জন পল দ্বিতীয়ের ব্যক্তিগত নোটও প্রকাশিত হয়েছিল।
তথ্যসূত্র: এপি