বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলোর তালিকা প্রকাশ করেছে। নতুন সুবিধার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে তৈরি চিকিৎসা উপাদান, বন্ধ্যত্বের ওষুধ, […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলোর তালিকা প্রকাশ করেছে।
নতুন সুবিধার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে তৈরি চিকিৎসা উপাদান, বন্ধ্যত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাপণ্য কোনো শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে।
এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসাসামগ্রী এবং প্রাণিচিকিৎসার কিছু পণ্যও এই সুবিধার আওতায় থাকবে। প্রয়োজন অনুযায়ী এসব পণ্যের কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানও শুল্কছাড় পেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, শূন্য শুল্ক সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। মার্কিন নীতিমালা অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর বা প্রস্তাবিত বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে এবং যেসব পণ্য দেশটির জরুরি স্বাস্থ্যচাহিদা পূরণে গুরুত্বপূর্ণ, সেগুলোই এ সুবিধার আওতায় আসবে।
যুক্তরাষ্ট্রের প্রকাশিত তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আর্জেন্টিনা, ভারত, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।
তবে তালিকার বাইরে থাকা পেটেন্টযুক্ত সাধারণ ওষুধের ক্ষেত্রে আগের মতো ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে, যদি না সেগুলো অন্য কোনো বিশেষ সুবিধার আওতায় পড়ে।
অন্যদিকে সাধারণ জেনেরিক ওষুধ ও এর উপাদানের ক্ষেত্রে আলাদা নিয়ম রাখা হয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, জেনেরিক ওষুধ ও এর উপাদানগুলো সেকশন ২৩২-এর আওতায় আরোপিত এই শুল্কের অধীন হবে না।