বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পরপরই দুই দেশের ঐক্য, সহযোগিতা এবং যৌথ শক্তির ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বপরিসরে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে এবং দুই দেশ একসঙ্গে কাজ করলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। শুক্রবার (১২ জুন) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পরপরই দুই দেশের ঐক্য, সহযোগিতা এবং যৌথ শক্তির ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বপরিসরে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে এবং দুই দেশ একসঙ্গে কাজ করলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
শুক্রবার (১২ জুন) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে বিবেচনা করলে মোট জনসংখ্যা দাঁড়ায় ১৬০ কোটি। এই বিপুল জনশক্তি যদি একসঙ্গে কাজ করতে পারে, তাহলে তা বিশ্বে অন্যতম বড় গণতান্ত্রিক শক্তিতে পরিণত হতে পারে।
তিনি বলেন, “একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে, সেটাই আসল শক্তি। সেই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখতে পায়। ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যে মেধা, দক্ষতা ও সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য কাজ করতে হবে।”
নতুন হাইকমিশনার আরও বলেন, খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে। দুই দেশের তরুণদের মধ্যে সহযোগিতা বাড়ানো গেলে ভবিষ্যতে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে।
সীমান্তে ‘পুশইন’ ইস্যু, ভ্রমণ ও বাণিজ্যে বিদ্যমান বিধিনিষেধ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ একই আকাশ, একই বাতাস এবং বহু অভিন্ন বাস্তবতা ভাগাভাগি করে। দুই দেশের মানুষের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে সেই ধরনের উদ্যোগই নেওয়া হবে।
দিনেশ ত্রিবেদী বলেন, “আমাদের শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমরা চাই দুই দেশের মানুষ আরও কাছাকাছি আসুক। ভিসা, যোগাযোগ ও বাণিজ্য সহজ করার বিষয়ে ইতিবাচকভাবে কাজ করার সুযোগ রয়েছে।”
বাংলাদেশে প্রবেশের সময় নোম্যান্সল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন এবং বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী মৃণাল ত্রিবেদী।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা বর্তমানে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে দিনেশ ত্রিবেদী প্রথম সক্রিয় রাজনীতিবিদ, যিনি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের শুরুতেই দুই দেশের জনগণের সম্মিলিত শক্তি ও সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি ভবিষ্যৎ সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।