সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
১:২৯ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘ঝুমুল’, ভারি বর্ষার আশঙ্কা

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘ঝুমুল’। আজ শনিবার (২৫ এপ্রিল) থেকে ৭ মে পর্যন্ত এই প্রাক-মৌসুমী আবহাওয়াগত প্রভাব সক্রিয় থাকতে পারে। এই সময় দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের […]

বাংলাদেশে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘ঝুমুল’, ভারি বর্ষার আশঙ্কা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘ঝুমুল’। আজ শনিবার (২৫ এপ্রিল) থেকে ৭ মে পর্যন্ত এই প্রাক-মৌসুমী আবহাওয়াগত প্রভাব সক্রিয় থাকতে পারে। এই সময় দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকে দেশের ওপর দিয়ে বৃষ্টি বলয় ‘ঝুমুল’ অগ্রসর হতে শুরু করবে। তার মতে, ৭ মে পর্যন্ত এই আবহাওয়াগত পরিস্থিতি দেশের বড় অংশে প্রভাব ফেলতে পারে।

মশিউর রহমান বলেন, আজ থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। সকালে কিছু এলাকায় বৃষ্টি হয়েছে এবং রাতের দিকে তা আরও সক্রিয় হতে পারে। তিনি জানান, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

তিনি আরও বলেন, উজানের মেঘালয়, আসাম ও চেরাপুঞ্জি অঞ্চলে এ সময় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। সেখানে ৫০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পাহাড়ি ঢল নেমে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকায় সাময়িক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পানি দ্রুত নেমে যাওয়ায় দীর্ঘস্থায়ী বন্যার সম্ভাবনা কম বলে তিনি মনে করেন।

এই আবহাওয়াবিদ জানান, শুরুতে বৃষ্টিপাত উত্তর-পূর্বাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও ২৮ বা ২৯ এপ্রিলের পর তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত দেশের বড় অংশে নিয়মিত ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে। মাঝেমধ্যে এক-দুই দিনের বিরতি দেখা গেলেও এই সময় সামগ্রিকভাবে বৃষ্টিপাতের আধিক্য থাকবে।

ঝড়ের দিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মশিউর রহমান। তার ভাষায়, এ সময়ে অনেক স্থানে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। কোথাও কোথাও এর চেয়ে কম বা বেশি গতির ঝড়ও হতে পারে।

এ আবহাওয়ার কারণে হাওর অঞ্চলে ধান কাটার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি হলে কৃষকেরা সময়মতো ধান কাটতে না পারায় ফসলের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে। ২৮ বা ২৯ এপ্রিলের পর আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৫ থেকে ৫৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন মশিউর রহমান। তার মতে, এমন তাপমাত্রা বৃদ্ধির কোনো বাস্তব সম্ভাবনা নেই; বরং বৃষ্টিপাত বাড়ায় তাপমাত্রা কমে আসার সম্ভাবনাই বেশি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ