রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। […]
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে এই কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন— রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতিনিধি, নৌ পুলিশের প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি।
কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত সদস্য যুক্ত করার সুযোগ থাকবে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।