হরমুজ প্রণালিকে ঘিরে চলমান জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প সমুদ্রপথে সৌদি আরব থেকে আরও ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে। জানা গেছে, লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে তেলবাহী ট্যাংকারটি সরাসরি লোহিত সাগর হয়ে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। জাহাজটিতে আগামী ২০ এপ্রিল তেল লোড হওয়ার কথা রয়েছে। […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিকে ঘিরে চলমান জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প সমুদ্রপথে সৌদি আরব থেকে আরও ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।
জানা গেছে, লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে তেলবাহী ট্যাংকারটি সরাসরি লোহিত সাগর হয়ে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। জাহাজটিতে আগামী ২০ এপ্রিল তেল লোড হওয়ার কথা রয়েছে।
এদিকে ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে থাকা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল এখনো হরমুজ প্রণালির জটিলতায় আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় সেটি এখনো বাংলাদেশমুখী যাত্রা শুরু করতে পারেনি। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, এই জাহাজটি সেই তালিকায় নেই।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তথ্য অনুযায়ী, আগামী ২০ এপ্রিল ইয়ানবু বন্দর থেকে নতুন চালানটি যাত্রা শুরু করবে। একই সময়ে হরমুজে আটকে থাকা ‘এমটি নরডিক পলুকস’ও অনুমতি পেলে রওনা হবে। সবকিছু অনুকূলে থাকলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজে মোট ২ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।
পরে এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হবে। সংশ্লিষ্টদের আশা, এতে চলমান জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে।
রিফাইনারি সূত্র বলছে, ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে প্রায় ৫২ হাজার টন ডিজেল, ৩২ হাজার টন পেট্রোল, ১৬ হাজার টন অকটেন, ৪৮ হাজার টন ফার্নেস অয়েল এবং ৪২ হাজার টন কেরোসিন উৎপাদন সম্ভব।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, হরমুজে আটকে থাকা জাহাজটির জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে এবং ইরানি কর্তৃপক্ষের বিশেষ অনুমতির অপেক্ষা চলছে।
তিনি বলেন, হরমুজের অনিশ্চয়তা এড়াতেই এবার ইয়ানবু বন্দর থেকে নতুন চালান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেহেতু বন্দরটি হরমুজ প্রণালির বাইরে, তাই সেখানে সামরিক বা রাজনৈতিক ঝুঁকি তুলনামূলকভাবে কম।
বিএসসি সূত্র আরও জানায়, চলতি বছরের মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি ও এলএনজিসহ বিভিন্ন জ্বালানি নিয়ে অন্তত ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে।