মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এক অনন্য কীর্তি স্থাপন করেছে বাংলাদেশ। জাতীয় পতাকা হাতে আকাশ থেকে একসঙ্গে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ৫৪ জন প্যারাট্রুপার। জাতীয় পতাকা বহন করে একযোগে এতসংখ্যক প্যারাট্রুপারের জাম্প—বিশ্বে এটিই প্রথম বলে দাবি সংশ্লিষ্টদের। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর আয়োজনে এই ব্যতিক্রমী […]
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এক অনন্য কীর্তি স্থাপন করেছে বাংলাদেশ। জাতীয় পতাকা হাতে আকাশ থেকে একসঙ্গে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ৫৪ জন প্যারাট্রুপার। জাতীয় পতাকা বহন করে একযোগে এতসংখ্যক প্যারাট্রুপারের জাম্প—বিশ্বে এটিই প্রথম বলে দাবি সংশ্লিষ্টদের।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর আয়োজনে এই ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও এ আয়োজন প্রত্যক্ষ করেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার এই প্রদর্শনীতে অংশ নেন। সশস্ত্র বাহিনীর একাধিক উড়োজাহাজে করে তাদের আকাশে নেওয়া হয়। প্রায় ১২ হাজার ফুট উচ্চতা থেকে তারা একে একে ঝাঁপ দেন এবং জাতীয় পতাকা হাতে নিরাপদে মাটিতে অবতরণ করেন।
এই ব্যতিক্রমী ও ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করেন প্রধান উপদেষ্টাসহ হাজারো দর্শক। আয়োজকদের ভাষ্য, জাতীয় পতাকা হাতে সর্বাধিক সংখ্যক প্যারাট্রুপারের অংশগ্রহণে এটি একটি বিশ্ব রেকর্ড।
অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট মহড়াও অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে কৌশল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে সকাল থেকেই তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বেলা ১১টার দিকে আগারগাঁওসংলগ্ন প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। কঠোর নিরাপত্তা তল্লাশির মাধ্যমে সবাইকে প্রবেশ করানো হয়। পুরো এলাকায় সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।