ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম থেকে পারিবারিক পদবি বাদ দিয়েছেন। ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এখন থেকে ‘ইয়োনাতান হোন’ নামে পরিচিত হতে চান। আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু পরিবারের নামকে ঘিরে চলমান রাজনৈতিক ও আইনি বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ […]
ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম থেকে পারিবারিক পদবি বাদ দিয়েছেন। ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এখন থেকে ‘ইয়োনাতান হোন’ নামে পরিচিত হতে চান। আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু পরিবারের নামকে ঘিরে চলমান রাজনৈতিক ও আইনি বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি কর-সংক্রান্ত নথিতে তার নাম ‘ইয়াইর নেতানিয়াহু’ হিসেবেই ছিল। তবে সাম্প্রতিক নথিতে একই পরিচিতি নম্বরের বিপরীতে ‘ইয়োনাতান হোন’ নাম ব্যবহার করা হয়েছে। ওই নথিতে ঠিকানা হিসেবে ‘বেলফোর ০’ নামে একটি কাল্পনিক ঠিকানাও উল্লেখ করা হয়েছে।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াইর দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হুন’ পদবি ব্যবহার করে আসছিলেন। এই পদবিটি এসেছে তার মা সারা নেতানিয়াহুর পরিবারের আদি পারিবারিক নাম থেকে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতানিয়াহু পরিবারের পরিচয়কে ঘিরে সৃষ্টি হওয়া নেতিবাচক প্রভাব এড়ানোর কৌশল হিসেবেই তিনি আনুষ্ঠানিকভাবে নতুন নাম ব্যবহার শুরু করেছেন।
এই পরিবর্তনের সময়টিও তাৎপর্যপূর্ণ। গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আন্তর্জাতিক মহলে তার সরকারের সমালোচনা বৃদ্ধি পাওয়ার পরই এই তথ্য প্রকাশ্যে এসেছে।
নেতানিয়াহু পরিবারের সদস্যদের নাম পরিবর্তনের ঘটনা নতুন নয়। এর আগে ইয়াইরের ভাই আভনের নেতানিয়াহুও নিজের নাম পরিবর্তন করে ‘আভি সেগাল’ ব্যবহার করেছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই নামেই তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডে একটি আবাসন সম্পত্তি কিনেছিলেন।
শুধু পরিবারের সদস্যরাই নন, স্বয়ং বেনিয়ামিন নেতানিয়াহুও অতীতে ভিন্ন নাম ব্যবহার করেছিলেন। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ‘বেন নিতাই’ নামে পরিচিত ছিলেন।
ইসরাইলের রাজনৈতিক ইতিহাসে নাম পরিবর্তনের এমন নজির আরও রয়েছে। জায়নবাদী আন্দোলনের সময় ইউরোপীয় পরিচয়ের পরিবর্তে হিব্রু পরিচয়কে গুরুত্ব দিতে অনেক নেতাই নিজেদের নাম পরিবর্তন করেছিলেন। বেনিয়ামিন নেতানিয়াহুর বাবা বেনজিয়নও তৎকালীন পোল্যান্ড থেকে ফিলিস্তিনে এসে নিজের নাম পরিবর্তন করেন। একই ধারা অনুসরণ করেছিলেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন, গোল্ডা মেয়ার এবং অ্যারিয়েল শ্যারনের মতো নেতারাও।