বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বর্তমান বিমসটেক (BIMSTEC) চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য অষ্টাদশ ব্রিকস (BRICS) সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে এর আগে দেওয়া তার দ্বিপাক্ষিক ভারত সফরের আমন্ত্রণও বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বর্তমান বিমসটেক (BIMSTEC) চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য অষ্টাদশ ব্রিকস (BRICS) সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে এর আগে দেওয়া তার দ্বিপাক্ষিক ভারত সফরের আমন্ত্রণও বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণ এখনো কার্যকর রয়েছে।
ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে রণধীর জয়সওয়াল জানান, বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ব্রিকসের আউটরিচ অধিবেশনে আঞ্চলিক জোটগুলোর বর্তমান চেয়ারম্যানদের আমন্ত্রণ জানানোর একটি প্রচলিত রীতি রয়েছে। সেই ধারাবাহিকতায় বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইভাবে অন্যান্য আঞ্চলিক সংস্থার প্রধানদেরও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নও ওঠে। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।
রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য যে অনুষ্ঠানে প্রচার করা হবে, সেটির আয়োজন করেছে একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান। ফলে এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও তিনি স্পষ্ট করেন।