আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী যখন বিশ্বকাপের উত্তেজনায় মেতে উঠতে প্রস্তুত, তখন তাদের জন্য নতুন কিছু ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বকাপকে আরও উপভোগ্য করে তুলতে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে যৌথভাবে একাধিক নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এসব ফিচারের লক্ষ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের […]
ছবি: সংগৃহীত
আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী যখন বিশ্বকাপের উত্তেজনায় মেতে উঠতে প্রস্তুত, তখন তাদের জন্য নতুন কিছু ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
বিশ্বকাপকে আরও উপভোগ্য করে তুলতে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে যৌথভাবে একাধিক নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এসব ফিচারের লক্ষ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য টুর্নামেন্টের অভিজ্ঞতাকে আরও ইন্টারঅ্যাকটিভ ও আকর্ষণীয় করে তোলা।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’ তৈরি করেছে অ্যাডিডাস। সেই বলকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে বিশেষ ডিজিটাল অভিজ্ঞতা। এখন ব্যবহারকারীরা ফুটবল ইমোজি পাঠালে বা ফুটবল-সংক্রান্ত রিঅ্যাকশন ব্যবহার করলে স্ক্রিনে বিশেষ অ্যানিমেশন দেখতে পাবেন। সেখানে বিশ্বকাপের অফিসিয়াল বলটিকে লাফাতে দেখা যাবে।
শুধু চ্যাট নয়, ভিডিও কলেও যুক্ত হয়েছে নতুন ফুটবল-থিমভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট। ফলে বন্ধু বা পরিবারের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
ফুটবলপ্রেমীদের আবেগ প্রকাশের জন্য হোয়াটসঅ্যাপ চালু করেছে বিশেষ থিমের স্টিকার প্যাকও। গোল উদযাপন, পেনাল্টি মিস, বিতর্কিত সিদ্ধান্ত কিংবা ম্যাচের বিভিন্ন নাটকীয় মুহূর্ত সহজেই স্টিকারের মাধ্যমে শেয়ার করা যাবে।
বিশ্বকাপকে কেন্দ্র করে একটি বিশেষ ‘ফুটবল ডিরেক্টরি’-ও চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই ডিরেক্টরির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রিয় দলের আপডেট, লাইভ স্কোর, ম্যাচ কাউন্টডাউন, হাইলাইটস এবং পর্দার আড়ালের বিভিন্ন তথ্য এক জায়গায় পাবেন। এছাড়া চ্যানেল অ্যাডমিনরা এখন তাদের আপডেট সরাসরি স্ট্যাটাস হিসেবেও প্রকাশ করতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেটা এআই ব্যবহার করে ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং কাছাকাছি কোথায় ম্যাচ দেখার ব্যবস্থা রয়েছে সে সম্পর্কেও দ্রুত তথ্য জানতে পারবেন।
তবে নতুন ফিচার যুক্ত হলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তায় কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থাটির দাবি, ব্যক্তিগত চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের উত্তেজনাকে আরও সামাজিক, ইন্টারঅ্যাকটিভ এবং উপভোগ্য করে তুলতেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ।