ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও তেল ও প্রাকৃতিক গ্যাসের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৪৬ ইউরোতে পৌঁছায়, যা প্রায় ৫২ দশমিক […]
ছবি: সংগৃহীত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও তেল ও প্রাকৃতিক গ্যাসের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৪৬ ইউরোতে পৌঁছায়, যা প্রায় ৫২ দশমিক ৫ মার্কিন ডলারের সমান। আগের দিনের দরপতনের পর সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় বাজারে এই মূল্যবৃদ্ধি ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করেছে, সতর্কবার্তা উপেক্ষা করে অগ্রসর হওয়ায় এলএনজি বহনকারী জাহাজটি হামলার শিকার হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো স্বাধীন সূত্র এখনো এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।
এদিকে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৩ মার্কিন ডলারে পৌঁছেছে। এটি গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দাম।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। ফলে পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল জাজিরা