বিশ্বব্যাপী রাষ্ট্রহীন মানুষের সংকট দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ ‘গ্লোবাল ট্রেন্ডস’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট রাষ্ট্রহীন জনগোষ্ঠীর প্রায় ৪১ শতাংশই রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে নাগরিকত্ববঞ্চিত এই জনগোষ্ঠীর বড় অংশ বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাস করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৪৫ লাখ মানুষ রাষ্ট্রহীন […]
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী রাষ্ট্রহীন মানুষের সংকট দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ ‘গ্লোবাল ট্রেন্ডস’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট রাষ্ট্রহীন জনগোষ্ঠীর প্রায় ৪১ শতাংশই রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে নাগরিকত্ববঞ্চিত এই জনগোষ্ঠীর বড় অংশ বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাস করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৪৫ লাখ মানুষ রাষ্ট্রহীন অবস্থায় জীবনযাপন করছে। এর মধ্যে প্রায় ১৮ লাখ রোহিঙ্গা রয়েছে, যা মোট রাষ্ট্রহীন জনগোষ্ঠীর প্রায় ৪১ শতাংশ। নাগরিকত্বের স্বীকৃতি না থাকায় তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং মৌলিক অধিকারসহ নানা ক্ষেত্রে চরম অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, রাষ্ট্রহীন রোহিঙ্গাদের মধ্যে প্রায় ১২ লাখ বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাসরত এই জনগোষ্ঠী বিশ্বের বৃহত্তম শরণার্থী সংকটগুলোর একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রাষ্ট্রহীন মানুষের বসবাস রয়েছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। কারণ দেশে অবস্থানরত বিপুলসংখ্যক রোহিঙ্গার কোনো স্বীকৃত নাগরিকত্ব নেই। ফলে তারা আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
ইউএনএইচসিআর রোহিঙ্গা সংকটকে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী শরণার্থী সংকট হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থাটি বলছে, নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের কোনো বাস্তব সুযোগ তৈরি না হওয়ায় লাখ লাখ রোহিঙ্গা বছরের পর বছর শরণার্থী জীবন কাটাতে বাধ্য হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো জনগোষ্ঠী যদি পাঁচ বছরের বেশি সময় ধরে শরণার্থী অবস্থায় বসবাস করে এবং তাদের সংকটের স্থায়ী সমাধান না হয়, তবে সেটিকে দীর্ঘস্থায়ী শরণার্থী সংকট হিসেবে বিবেচনা করা হয়। সেই সংজ্ঞা অনুযায়ী রোহিঙ্গা সংকট বিশ্বের অন্যতম বড় দীর্ঘস্থায়ী মানবিক সংকটে পরিণত হয়েছে।
ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী প্রতি ১০ জন শরণার্থীর মধ্যে প্রায় ৭ জন দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে বসবাস করছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও এই বৃহৎ জনগোষ্ঠীর অন্যতম অংশ।
প্রতিবেদনে মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশটি এখনও জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের অন্যতম প্রধান উৎস হিসেবে রয়ে গেছে। রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং জাতিগত সহিংসতার কারণে শুধু ২০২৫ সালেই নতুন করে ১ লাখ ৬৫ হাজার ৪০০ মানুষ নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তাদের একটি বড় অংশ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী বাস্তুচ্যুত রাষ্ট্রহীন মানুষের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা সবচেয়ে বেশি। তারা মিয়ানমারের অভ্যন্তরে বাস্তুচ্যুত জনগোষ্ঠী হিসেবে অথবা বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত ও অন্যান্য দেশে শরণার্থী হিসেবে বসবাস করছে।
ইউএনএইচসিআর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্বের অধিকার নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।