যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্যতম শক্তিশালী ও পারমাণবিক সক্ষমতাসম্পন্ন দেশের বিরুদ্ধে ৪০ দিন ধরে প্রতিরোধ গড়ে তোলা কোনো সাধারণ ঘটনা নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেন, এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইরানের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরেছে। শুক্রবার (৪ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বক্তব্যে আরাগচি বলেন, “বিশ্বের সবচেয়ে […]
যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্যতম শক্তিশালী ও পারমাণবিক সক্ষমতাসম্পন্ন দেশের বিরুদ্ধে ৪০ দিন ধরে প্রতিরোধ গড়ে তোলা কোনো সাধারণ ঘটনা নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেন, এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইরানের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরেছে।
শুক্রবার (৪ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বক্তব্যে আরাগচি বলেন, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে ৪০ দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব এখন ইরানি জাতির প্রকৃত শক্তি সম্পর্কে ধারণা পেয়েছে।”
এ সময় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতিও কঠোর সতর্কবার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আঞ্চলিক কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দেয়, তাহলে সেসব ঘাঁটি ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
আরাগচি বলেন, “আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি—তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়, তবে সেই ঘাঁটিগুলো আমাদের বৈধ টার্গেটে পরিণত হবে।”
তবে একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইতিবাচক অবস্থানও তুলে ধরেন তিনি। আরাগচি জানান, তেহরান রিয়াদের সঙ্গে স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং এ লক্ষ্যে উদ্যোগ অব্যাহত থাকবে।
তার ভাষায়, “সৌদি আরবের সঙ্গে একটি স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সূত্র: আইআরআইবি