বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং তরুণদের ক্রমবর্ধমান হতাশাকে কেন্দ্র করে আবারও অস্থির হয়ে উঠেছে নেপাল। কর্মসংস্থানের দাবিতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী বালেন শাহর পদত্যাগ দাবি করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে কর্মসংস্থানের অভাব ও ভবিষ্যৎ নিয়ে হতাশায় তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন […]
ছবি: সংগৃহীত
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং তরুণদের ক্রমবর্ধমান হতাশাকে কেন্দ্র করে আবারও অস্থির হয়ে উঠেছে নেপাল। কর্মসংস্থানের দাবিতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী বালেন শাহর পদত্যাগ দাবি করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিনে কর্মসংস্থানের অভাব ও ভবিষ্যৎ নিয়ে হতাশায় তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনাগুলোর পর সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ আরও তীব্র হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, আয় বাড়ানো কিংবা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি।
‘জেন-জি নেপাল’ নামে একটি যুব সংগঠন প্রধানমন্ত্রী বালেন শাহর সরকারের সমালোচনা করে বলেছে, বর্তমান প্রশাসন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন কিংবা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার মতো বাস্তবসম্মত পরিকল্পনা নেই।
বিরোধী দল নেপালি কংগ্রেসও এ ইস্যুতে সরকারের সমালোচনা করেছে। দলটির নেতাদের অভিযোগ, তরুণদের হতাশা ও সাম্প্রতিক আত্মহত্যার ঘটনাগুলো রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী বালেন শাহর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিশ্লেষকদের মতে, নেপালে দীর্ঘদিন ধরেই যুব বেকারত্ব একটি বড় সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব, বিদেশমুখী শ্রমবাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে তরুণদের মধ্যে হতাশা বাড়ছে।
বর্তমান আন্দোলন কতটা বিস্তৃত হয় এবং সরকার পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেয়, সেটিই এখন নেপালের রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি