দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, বেনজীর আহমেদের প্রত্যর্পণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো […]
ছবি: সংগৃহীত
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, বেনজীর আহমেদের প্রত্যর্পণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দুই কর্মকর্তার সহায়তায় প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও দলিল সংগ্রহ করা হয়েছে। এসব নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১২ জুন দুবাইয়ে গ্রেপ্তারের খবর প্রকাশ হওয়ার পর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সক্রিয় হয় দুদক। সংস্থাটির মতে, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং সেসব মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।
তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং পাসপোর্ট জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে মামলাগুলোর তথ্য-উপাত্ত, প্রমাণপত্র এবং অন্যান্য আইনি নথিও সংযুক্ত করা হয়েছে। এসব কাগজপত্র আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহৃত হবে।
এর আগে ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হন। পরে দেশটির কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
গ্রেপ্তারের দুই দিন পর জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিধি ৩০০-এর অধীনে দেওয়া বিবৃতিতে তিনি সংসদ সদস্যদের কাছে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক আবেদন করার সুযোগ থাকলেও বাংলাদেশ সরকার অপেক্ষা না করে দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র দ্রুত প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ সপরিবারে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। এছাড়া ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব এবং সংস্থাটির কয়েকজন সাবেক ও তৎকালীন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বেনজীর আহমেদের নামও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
এদিকে তার প্রত্যর্পণ প্রক্রিয়া কীভাবে এগোয় এবং সংযুক্ত আরব আমিরাত এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।