ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ প্রশমনের নতুন আশাবাদে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। আজ অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও বড় উত্থান লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্টের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৫ সেন্টে নেমেছে। অন্যদিকে মার্কিন […]
ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ প্রশমনের নতুন আশাবাদে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। আজ অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও বড় উত্থান লক্ষ্য করা গেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্টের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৫ সেন্টে নেমেছে। অন্যদিকে মার্কিন মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৩৩ সেন্টে দাঁড়িয়েছে।
বাজারে এই পরিবর্তনের প্রভাবে এশিয়ার শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী হয়েছে। দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার সূচক কসপি সপ্তাহের শুরুতে হওয়া ক্ষতি কাটিয়ে ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক ২ দশমিক ৩ শতাংশ উন্নতি করেছে। আর চীনের মূল ভূখণ্ডের সাংহাই কম্পোজিট সূচক বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা প্রশমনের ইঙ্গিতই তেলের বাজারে এই স্বস্তি ফিরিয়ে এনেছে। বাজার অংশগ্রহণকারীরা এখন পরবর্তী কূটনৈতিক অগ্রগতি ও সরবরাহ পরিস্থিতির দিকে নজর রাখছেন।
সূত্র: এপি