সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিয়ে তথ্য ফাঁস, ডার্ক ওয়েবে নথির খোঁজ

ভারতের তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সম্পর্কিত বিপুলসংখ্যক নথি ডার্ক ওয়েবে পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। রিলায়েন্স গ্রুপের একটি সার্ভার থেকে তথ্য ফাঁসের পর এসব নথি অনলাইনে প্রকাশিত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ‘ওয়ার্ল্ড লিকস’ নামে একটি র‍্যানসমওয়্যার গোষ্ঠী ডার্ক ওয়েবে রিলায়েন্স গ্রুপের প্রায় ৮ লাখ ৫৮ হাজার নথি প্রকাশ […]

ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিয়ে তথ্য ফাঁস, ডার্ক ওয়েবে নথির খোঁজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ভারতের তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-সম্পর্কিত বিপুলসংখ্যক নথি ডার্ক ওয়েবে পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। রিলায়েন্স গ্রুপের একটি সার্ভার থেকে তথ্য ফাঁসের পর এসব নথি অনলাইনে প্রকাশিত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ‘ওয়ার্ল্ড লিকস’ নামে একটি র‍্যানসমওয়্যার গোষ্ঠী ডার্ক ওয়েবে রিলায়েন্স গ্রুপের প্রায় ৮ লাখ ৫৮ হাজার নথি প্রকাশ করে। এর মধ্যে কুদানকুলাম প্রকল্প-সংক্রান্ত প্রায় ১৯ হাজার নথি রয়েছে, যেগুলোর আকার প্রায় ১৪ দশমিক ৩ গিগাবাইট। সাইবার নিরাপত্তা গবেষক রাকেশ কৃষ্ণান রয়টার্সকে জানান, এসব নথি ১১ জুন থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে।

তবে ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (NPCIL) দাবি করেছে, প্রকাশিত তথ্যগুলো আসলে পারমাণবিক নিরাপত্তা-সংক্রান্ত নয়। সংস্থাটির ভাষায়, ফাঁস হওয়া নথিগুলো কেবলমাত্র ‘ব্যালেন্স অব প্ল্যান্ট’ বা জনসেবা ও সহায়ক অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত।

কী ধরনের নথি ফাঁস হয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে কুদানকুলাম প্রকল্পের অবকাঠামোগত নকশা, বিভিন্ন ইউনিটের কাঠামোগত তথ্য, সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের বিবরণ এবং বিমা-সংক্রান্ত নথিও রয়েছে। তবে রয়টার্সের বিশ্লেষণে মনে করা হয়েছে, এসব কাগজপত্র রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম সরবরাহ করা চুল্লির মূল প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

রিলায়েন্স ও ইয়োটার বক্তব্য

রিলায়েন্স জানিয়েছে, তাদের তথ্য তৃতীয় পক্ষের একটি ডেটা সার্ভিসের মাধ্যমে ফাঁস হয়েছে। ওই সেবাদাতা প্রতিষ্ঠান ইয়োটা এক বিবৃতিতে জানায়, ২৯ মে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের মালিকানাধীন ও পরিচালিত একটি সার্ভারে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা হয়। পরে সেটি বন্ধ করে সম্ভাব্য র‍্যানসমওয়্যার আক্রমণ প্রতিহত করা হয়।

ইয়োটা আরও জানায়, জুনের শেষ দিকে তারা রিলায়েন্সকে সম্ভাব্য তথ্য ফাঁসের বিষয়ে সতর্ক করে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ এই তথ্য ফাঁসের বিষয়টি স্বীকার করেছে।

কুদানকুলাম প্রকল্পে রিলায়েন্সের ভূমিকা

রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ২০১৮ সালে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ও চতুর্থ ইউনিটের অবকাঠামো নির্মাণের চুক্তি পায়। ওই দুই ইউনিট এখনো নির্মাণাধীন এবং ২০২৭ সালে চালু হওয়ার কথা রয়েছে। চালু হলে সেখানে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

NPCIL জানিয়েছে, রিলায়েন্সের সঙ্গে করা ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) চুক্তির আওতায় কেবল সাধারণ সেবা অবকাঠামোর নকশা, সরঞ্জাম সংগ্রহ, সরবরাহ ও নির্মাণ অন্তর্ভুক্ত ছিল। তাদের দাবি, এর সঙ্গে পারমাণবিক নিরাপত্তা, চুল্লি পরিচালনা কিংবা অন্য কোনো সংবেদনশীল প্রযুক্তিগত তথ্যের সম্পর্ক নেই।

উদ্বেগও তৈরি হয়েছে

পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থ বলেছে, এ ধরনের অবকাঠামোগত নথি ডার্ক ওয়েবে প্রকাশিত হলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। সংগঠনটির মতে, এ ঘটনার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের নীরবতা দক্ষিণ ভারতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কুদানকুলাম ভারতের অন্যতম বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত। ফলে এর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো তথ্য ফাঁসের ঘটনাই এখন বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা, রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ