ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তঘেঁষা আপার সুবানসিরি জেলায় চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ ও ভূমি দখলের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় নহ্ উপজাতি সম্প্রদায়ের দাবি, গত কয়েক বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের ঐতিহ্যগত চারণভূমি, শিকার এলাকা এবং কৃষিজমির বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আপার […]
ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তঘেঁষা আপার সুবানসিরি জেলায় চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশ ও ভূমি দখলের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় নহ্ উপজাতি সম্প্রদায়ের দাবি, গত কয়েক বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের ঐতিহ্যগত চারণভূমি, শিকার এলাকা এবং কৃষিজমির বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আপার সুবানসিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে জমা দেওয়া একটি স্মারকলিপিতে এসব অভিযোগ তুলে ধরে নহ্ ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির সভাপতি কেরু চাদের দাবি, যেসব এলাকায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে গবাদিপশু চরানো, শিকার এবং বনজ সম্পদ সংগ্রহের কাজ করে আসছিলেন, সেসব এলাকার অনেকগুলো এখন চীনা বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
তার ভাষায়, পূর্বপুরুষদের ব্যবহার করা জমি ও চারণভূমিতে স্থানীয়দের প্রবেশ ক্রমেই সীমিত হয়ে পড়ছে এবং তারা ধীরে ধীরে নিজেদের ভূমি হারানোর আশঙ্কায় রয়েছেন।
নহ্ ওয়েলফেয়ার সোসাইটির অভিযোগ অনুযায়ী, তাকসিং রাজস্ব সার্কেলের আওতাধীন অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে চীন কার্যত নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। স্থানীয়দের দাবি, আন্তর্জাতিক সীমান্ত বরাবর পরিকল্পিতভাবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে বেইজিং।
সংগঠনটির তথ্যমতে, ২০২০ সাল পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা একাধিক এলাকা বর্তমানে চীনা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে তাকসিং সীমান্ত অঞ্চলে চীনের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও দাবি করা হয়েছে।
অভিযোগে যেসব এলাকার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে আসাফিলা অঞ্চলের ওইং, চুজারতা এলাকার পানিয়ার, মারনাফে অঞ্চলের মারপান, পোত্রাং লেক এবং তিনদিংতাং। স্থানীয়দের মতে, এসব স্থানের কয়েকটি তাদের জন্য ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে চীনা সেনারা সড়ক নির্মাণ এবং স্থায়ী সামরিক অবকাঠামো গড়ে তুলেছে।
তবে স্থানীয় জনগণ ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাদের মতে, ভারতীয় সেনারা দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পিএলএর তৎপরতা ও অবকাঠামো নির্মাণের গতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্বেগ প্রকাশ করেছেন। নাচো এলাকার বিধায়ক নাকাপ নালো বলেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এমন অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। তার মতে, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও বাস্তব পরিস্থিতি যাচাই করা উচিত।
তবে অভিযোগগুলোর বিষয়ে এখন পর্যন্ত আপার সুবানসিরির ডেপুটি কমিশনার গাম্বো তাসো কিংবা অরুণাচল প্রদেশ সরকারের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।
সূত্র: ইত্তেফাক, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা