সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১১:৫৯ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বালু উত্তোলন ও খনি-সংশ্লিষ্ট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ের কোরিয়া জেলায় মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতদের […]

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বালু উত্তোলন ও খনি-সংশ্লিষ্ট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ের কোরিয়া জেলায় মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং। আগুন নিয়ন্ত্রণে আনার পর একটি পুড়ে যাওয়া ফরচুনার এসইউভি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, সোনহাত থানার নওগাইন গ্রামে বালু মহাল পরিচালনা সংক্রান্ত একটি বিরোধ মীমাংসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন ভারত সিং। তবে নিহতের পরিবারের অভিযোগ, আলোচনার নামে তাকে পরিকল্পিতভাবে সেখানে ডেকে নেওয়া হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, একাধিক ট্রাক দিয়ে ভারত সিংয়ের গাড়িটিকে ঘিরে ফেলা হয়। এরপর গাড়ির সামনে ও পেছনে ট্রাক দাঁড় করিয়ে পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। পরে গাড়ির ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

গাড়ির ভেতরেই জীবন্ত পুড়ে মারা যান ভারত সিং। এ ঘটনায় আরও নিহত হন বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং। মায়াঙ্ক সিং নামের আরেক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। বর্তমানে তিনি বিলাসপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও মুখে গুরুতর আঘাত রয়েছে।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও ষড়যন্ত্রসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এলাকার বালু মহালের ইজারা ভারত সিংয়ের পরিবারের নিয়ন্ত্রণে ছিল। এরপর বালু উত্তোলন, পরিবহন এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের সঙ্গে বিরোধ শুরু হয়।

স্থানীয় সূত্র বলছে, সোনহাত, কৈলাশপুর, তেলিমুদা, বেলিয়া ও ছিংগুরা এলাকায় বালু পরিবহন এবং কথিত চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিরোধটি আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক স্বার্থের সংঘাতে রূপ নেয়।

স্থানীয় বিধায়ক ভাইয়ালাল রাজওয়াড়ে ঘটনাটিকে কোরিয়া জেলার ইতিহাসে অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি জানা ছিল, তবে তা যে এত ভয়াবহ রূপ নেবে, তা কেউ কল্পনা করেনি।

সাবেক বিধায়ক গুলাব কামরোও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। তিনি জানান, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে চলছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, পরিকল্পনা এবং এর পেছনে আর কারা জড়িত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ