ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১টি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে। ধারাবাহিক এই কম্পনে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এবং দুর্গত এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, ২৪ জুন মাত্র ৩৯ […]
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১,১৭১টি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে। ধারাবাহিক এই কম্পনে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এবং দুর্গত এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে।
সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ভূমিকম্পে ৪ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জনের বেশি মানুষ। এছাড়া হাজার হাজার মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
হোর্হে রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। ধসে পড়া ভবন থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৮৫৬টি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দুর্গত এলাকায় ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্য এবং ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি আহত ও অসুস্থ ২৯ হাজার ৯৬৬ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বাস্তুচ্যুত মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রও চালু করা হয়েছে।
বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩০ হাজার ৭৬ জন সরকারি কর্মী, ২৯ হাজার ৮৪৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩ হাজার ৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। সরকার ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তবে ধারাবাহিক আফটারশকের কারণে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে। প্রতিবার অনুকম্পন অনুভূত হলেই নিরাপত্তার স্বার্থে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। এতে ধ্বংসস্তূপে আটকে পড়া সম্ভাব্য জীবিতদের উদ্ধারে বিলম্ব হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আতঙ্ক আরও বাড়ছে।
ভূতত্ত্ববিদদের মতে, এত শক্তিশালী ভূমিকম্পের পর দীর্ঘ সময় ধরে আফটারশক অনুভূত হওয়া স্বাভাবিক। তবে বড় ধরনের অনুকম্পন অব্যাহত থাকলে দুর্বল ভবনগুলো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি