সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২১ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে প্রায় ৫৯ হাজার ভবন: নাসা

ভেনেজুয়েলায় সাম্প্রতিক শক্তিশালী জোড়া ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট উপাত্তের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পের আঘাতে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নাসার প্রকাশিত এই প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে […]

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে প্রায় ৫৯ হাজার ভবন: নাসা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভেনেজুয়েলায় সাম্প্রতিক শক্তিশালী জোড়া ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট উপাত্তের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পের আঘাতে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

নাসার প্রকাশিত এই প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে দক্ষিণ আমেরিকার দেশটিতে বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় সংঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের এবং জ্যামন ভ্যান ডেন হেক জানান, ভূমিকম্পের পরদিন ২৫ জুন সংগ্রহ করা স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করে এই ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব করা হয়েছে।

তাদের বিশ্লেষণে ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চক্ষমতাসম্পন্ন রাডার স্যাটেলাইট ‘সেন্টিনেল-১’-এর তথ্য ব্যবহার করা হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা ভূ-পৃষ্ঠের পরিবর্তনের চিত্র বিশ্লেষণ করে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা নির্ধারণ করা হয়।

গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি একটি দ্রুত ও প্রাথমিক মূল্যায়ন মাত্র। স্যাটেলাইটে শনাক্ত হওয়া ভূ-পৃষ্ঠের আকস্মিক পরিবর্তনকে ভিত্তি করে এই হিসাব করা হয়েছে, যা সম্ভাব্য ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও এখনও মাঠ পর্যায়ে যাচাই করা হয়নি।

তাদের মতে, ক্ষতিগ্রস্ত ভবনের প্রকৃত সংখ্যা যাচাইয়ের জন্য সরেজমিন পরিদর্শন ও বিস্তারিত মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৮৫৫টি ভবনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, যার মধ্যে অন্তত ১৮৯টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।

নাসা জানিয়েছে, তাদের স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও তথ্য উদ্ধারকারী সংস্থা এবং জরুরি সেবাদানকারী দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। এসব উপাত্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার পরিধি নির্ধারণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ