আর মাত্র কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সারাদেশে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মাঠপর্যায়ের নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিতেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, এবারের ভোটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকছেন প্রায় ৯ […]
ছবি: সংগৃহীত
আর মাত্র কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সারাদেশে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মাঠপর্যায়ের নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিতেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, এবারের ভোটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকছেন প্রায় ৯ লাখ সদস্য। পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই বিশাল নিরাপত্তা বলয়। ইতোমধ্যে অধিকাংশ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
তবে বিপুল এই নিরাপত্তা আয়োজনের মধ্যেও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বিভিন্ন ধরনের ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে। প্রার্থী ও ভোটারদের অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন।
বিশেষজ্ঞদের মতে, এখনো উদ্ধার না হওয়া লুট হওয়া এক হাজার ৩৩০টি আগ্নেয়াস্ত্র, বিপুলসংখ্যক জমা না দেওয়া বৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্রের বিস্তার ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব অস্ত্র সহিংসতার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচন কমিশন প্রতিটি ভোটকেন্দ্রকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে—সাধারণ, গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন প্রযুক্তি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, রাজধানীসহ বড় শহরগুলোতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে সেনা টহল ও অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হবে।