সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৪৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের দিন ইন্টারনেট চালু থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে—এমন আশঙ্কা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, ভোটের দিন সারাদেশে ইন্টারনেট চালু থাকবে এবং কেউ গুজব ছড়ানো বা ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১ […]

ভোটের দিন ইন্টারনেট চালু থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে—এমন আশঙ্কা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, ভোটের দিন সারাদেশে ইন্টারনেট চালু থাকবে এবং কেউ গুজব ছড়ানো বা ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাহাড়, সমুদ্র ও সমতল—এই তিন ভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলেও জানান তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নির্বাচন ঘিরে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যে সহিংসতার ঘটনা ঘটছে, তার বেশিরভাগই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে উদ্ভূত। অনেক ক্ষেত্রে নির্ধারিত সংখ্যার বাইরে লোকজন কর্মসূচিতে অংশ নেওয়ায় সিদ্ধান্তগত বিভ্রান্তি তৈরি হয় এবং সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ ধরনের পরিস্থিতি এড়াতে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনায় নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু আসনে বিচ্ছিন্নভাবে ছোটখাটো লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও তিনি স্বীকার করেন।

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে প্রশ্ন করতে ও সংবাদ প্রকাশ করতে পারছেন। সরকার মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে একই সঙ্গে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটকেন্দ্রে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোট দিতে এসে কোনো নারী যেন আতঙ্কিত না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।

এ ছাড়া ব্রিফিংয়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ