মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের চিহ্ন খুঁজতে একাধিক স্বয়ংক্রিয় রোবটের সমন্বিত বহর পাঠানোর পরিকল্পনা করছে জার্মান মহাকাশ সংস্থা। ‘ভ্যামেক্স’ নামের এ প্রকল্পে এমন রোবট তৈরি করা হচ্ছে, যেগুলো নিজেদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় করে মঙ্গলের দুর্গম ভূখণ্ডে অনুসন্ধান চালাতে পারবে। গবেষকদের লক্ষ্য, গ্রহটির বিশাল ‘ভ্যালেস মেরিনারিস’ উপত্যকা এবং সম্ভাব্য গুহাগুলোতে প্রাণের অস্তিত্বের চিহ্ন খুঁজে দেখা। মঙ্গলে […]
ছবি: সংগৃহীত
মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের চিহ্ন খুঁজতে একাধিক স্বয়ংক্রিয় রোবটের সমন্বিত বহর পাঠানোর পরিকল্পনা করছে জার্মান মহাকাশ সংস্থা। ‘ভ্যামেক্স’ নামের এ প্রকল্পে এমন রোবট তৈরি করা হচ্ছে, যেগুলো নিজেদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় করে মঙ্গলের দুর্গম ভূখণ্ডে অনুসন্ধান চালাতে পারবে। গবেষকদের লক্ষ্য, গ্রহটির বিশাল ‘ভ্যালেস মেরিনারিস’ উপত্যকা এবং সম্ভাব্য গুহাগুলোতে প্রাণের অস্তিত্বের চিহ্ন খুঁজে দেখা।
মঙ্গলে রোবট পরিচালনা করা বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ। পৃথিবীর মতো সেখানে কোনো ন্যাভিগেশন স্যাটেলাইট ব্যবস্থা নেই, যার সাহায্যে রোবটগুলো সহজে নিজেদের অবস্থান নির্ণয় ও পথ চলতে পারবে। পাশাপাশি মঙ্গল থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে একদিকে ২০ মিনিটেরও বেশি সময় লাগতে পারে। ফলে পৃথিবীতে বসে প্রকৌশলীদের পক্ষে তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে প্রতিটি রোবট পরিচালনা করা কঠিন।
এই সীমাবদ্ধতা কাটাতে প্রকল্পের গবেষকেরা এমন একটি ব্যবস্থা তৈরি করছেন, যেখানে বিভিন্ন ধরনের রোবট নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করে কাজ ভাগ করে নেবে। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলের আকাশ ও ভূমি—দুই দিক থেকেই উপত্যকাটি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি সম্ভাব্য গুহার ভেতরেও অনুসন্ধান চালাবে রোবটগুলো। এসব স্থানে অতীত বা বর্তমানের প্রাণের অস্তিত্বের কোনো চিহ্ন আছে কি না, তা খুঁজে দেখাই অভিযানের অন্যতম লক্ষ্য।
প্রকল্পটির গুরুত্বপূর্ণ অংশ ‘স্কাইক্যাম’ ব্যবস্থা। এর আওতায় মঙ্গলের আকাশ পর্যবেক্ষণের জন্য দুটি বা তিনটি ক্যামেরা স্টেশন পাঠানোর পরিকল্পনা রয়েছে। এগুলো বজ্রপাত, মেঘ এবং অস্বাভাবিক আকাশীয় ঘটনা শনাক্ত করে তথ্য সংগ্রহ করবে। শনাক্ত করা যায়নি এমন আকাশীয় ঘটনা বা ইউএপি সম্পর্কেও তথ্য নথিবদ্ধ করার কথা রয়েছে।
স্কাইক্যাম স্টেশনগুলো শুধু ছবি ও তথ্য সংগ্রহ করবে না, নিজেদের মধ্যেও তথ্য বিনিময় করবে। গবেষকদের ধারণা, এসব তথ্য ব্যবহার করে মঙ্গলের আকাশ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে রোবটের বহরের অন্য সদস্যদের অবস্থান নির্ণয় ও চলাচলেও সহায়তা করবে এই ব্যবস্থা।
ন্যাভিগেশনের জন্য গবেষকেরা সেন্সর থেকে পাওয়া তথ্যের সঙ্গে রেডিও বিকন নেটওয়ার্কের সংকেত সমন্বয়ের প্রযুক্তি তৈরি করছেন। এর মাধ্যমে রোবটগুলো স্যাটেলাইট ছাড়াই নিজেদের অবস্থান নির্ধারণ এবং আশপাশের ভূখণ্ড বুঝে চলাচল করতে পারবে।
জার্মান মহাকাশ সংস্থার অর্থায়নে ২০১২ সালে ভ্যামেক্স প্রকল্পের কাজ শুরু হয়। বর্তমানে এটি উন্নয়নের চতুর্থ ধাপে রয়েছে। এ পর্যায়ে রোবট পরিচালনার হার্ডওয়্যার ও সফটওয়্যার আরও নিখুঁত করার কাজ চলছে। প্রকল্পটি সফল হলে মঙ্গলের দুর্গম অঞ্চল অনুসন্ধানে একাধিক স্বয়ংক্রিয় রোবটের সমন্বিত ব্যবহার মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।