পবিত্র কাবা শরিফে হজ ও ওমরাহ পালনকারীদের সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে মসজিদুল হারামে অবস্থানরত মুসল্লিরা তাওয়াফ ও সায়ীর বিভিন্ন এলাকায় ভিড়ের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও […]
ছবি: সংগৃহীত
পবিত্র কাবা শরিফে হজ ও ওমরাহ পালনকারীদের সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে মসজিদুল হারামে অবস্থানরত মুসল্লিরা তাওয়াফ ও সায়ীর বিভিন্ন এলাকায় ভিড়ের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।
শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও তীর্থযাত্রীদের সুবিধার্থে চালু হওয়া এই ডিজিটাল ব্যবস্থায় তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে মুসল্লিরা তুলনামূলক কম ভিড়ের পথ বা সময় বেছে নিয়ে আরও স্বাচ্ছন্দ্যে ইবাদত সম্পন্ন করতে পারবেন।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মে ভিড়ের ঘনত্বের তাৎক্ষণিক সূচক, নিয়মিত হালনাগাদ তথ্য এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদর্শন করা হবে। এর উদ্দেশ্য হলো ইবাদতকারীদের অভিজ্ঞতা উন্নত করা এবং ভিড় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা।
এই সেবা ব্যবহার করতে কিউআর কোড স্ক্যান করলেই নির্ধারিত প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে। সেখানে মসজিদুল হারামের বিভিন্ন অংশের সর্বশেষ পরিস্থিতি দেখা যাবে এবং নিরাপদ ও সুবিধাজনকভাবে চলাচলের পরামর্শও পাওয়া যাবে।
সৌদি কর্তৃপক্ষের মতে, ডিজিটাল এই উদ্যোগের মাধ্যমে তীর্থযাত্রীদের চলাচল আরও সুশৃঙ্খল হবে, তাওয়াফ ও সায়ী সম্পন্ন করা সহজ হবে এবং একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণেও উল্লেখযোগ্য সহায়তা মিলবে।
সূত্র: গালফ নিউজ