সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৫৬ পিএম, ১ মে ২০২৬

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবির এই দিনটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দেশের উন্নয়ন […]

মহান মে দিবস আজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবির এই দিনটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দেশের উন্নয়ন ও অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরে বলেন, শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে শ্রমিকদের পরিশ্রমই দেশের অগ্রগতিকে এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকবান্ধব সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশ আরও মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রবাসী শ্রমিকদের জন্য “প্রবাসী কার্ড” চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার ভাষায়, এর মাধ্যমে বিদেশে কর্মরত শ্রমিকদের আর্থিক নিরাপত্তা ও বিভিন্ন সেবা নিশ্চিত করা সহজ হবে।

এদিকে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। দলটির নেতারা জানিয়েছেন, এই সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মে দিবসের ইতিহাস ঘিরে রয়েছে শ্রমিক আন্দোলনের রক্তাক্ত অধ্যায়। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কর্মসময়, উন্নত কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলন দমনে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগের স্মরণেই বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে মহান মে দিবস।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ