যুব সমাজ থেকে মাদক নির্মূলে সফল হলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, দলীয় পরিচয়ের আড়ালে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। […]
ছবি: সংগৃহীত
যুব সমাজ থেকে মাদক নির্মূলে সফল হলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, দলীয় পরিচয়ের আড়ালে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে সম্পূর্ণভাবে আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের নির্দেশ দেন তিনি।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রীর গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, ‘যারা শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতায় গেছেন, তাদের অনেকেই আমাদের খোঁজ নেন না। কিন্তু কায়কোবাদ সব সময় আমাদের পাশে ছিলেন। আমাদের ঘর করে দিয়েছেন, আর আজ মন্ত্রী হয়েও আমাদের সঙ্গে দেখা করে ইফতার সামগ্রী দিয়েছেন।’