সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:১৯ অপরাহ্ন, ২০ আগস্ট ২০২৬

মুক্তি পেলে সেনাবাহিনীর সঙ্গে বিরোধে জড়াবে না ইমরান খান: পিটিআই নেতা

কারাগার থেকে মুক্তি পেলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী বা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি। বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে বুখারি বলেন, আইনি প্রক্রিয়ায় অগ্রগতি হলে দেশের বৃহত্তর স্বার্থে অতীতের বিরোধ ভুলে সমঝোতার পথে হাঁটার সুযোগ রয়েছে। […]

মুক্তি পেলে সেনাবাহিনীর সঙ্গে বিরোধে জড়াবে না ইমরান খান: পিটিআই নেতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কারাগার থেকে মুক্তি পেলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী বা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি।

বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে বুখারি বলেন, আইনি প্রক্রিয়ায় অগ্রগতি হলে দেশের বৃহত্তর স্বার্থে অতীতের বিরোধ ভুলে সমঝোতার পথে হাঁটার সুযোগ রয়েছে। ইমরান খান মুক্তি পেলে দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।

বুখারির ভাষ্য, দেশের স্বার্থে প্রয়োজনে নিজের ক্ষোভ ও কষ্ট নিয়ন্ত্রণে রাখতে হয়। ইমরানের মুক্তির পর কোনো প্রতিষ্ঠান বা সামরিক নেতৃত্বের সঙ্গে সরাসরি বিরোধে জড়ানোর প্রয়োজন নেই বলেও তিনি মনে করেন।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। এই সিদ্ধান্তকে ইমরান খান ও সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

বুখারি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে নতুন আশার আলো হিসেবে উল্লেখ করেন। তার দাবি, সেনাপ্রধান যদি অভিভাবকের মতো ভূমিকা নিয়ে ইমরানের প্রতি সহানুভূতি দেখান, তাহলে রাজনৈতিক বন্দিদের মুক্তির পথও দ্রুত তৈরি হতে পারে।

তবে ইমরান খানের নিজের অবস্থান বুখারির বক্তব্যের সঙ্গে পুরোপুরি মেলে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এর আগেও ইমরান সেনাবাহিনীর নেতৃত্বের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। গত নভেম্বরে তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলে নিজের অবস্থান থেকে সরে না যাওয়ার কথা জানিয়েছিলেন।

এদিকে গত কয়েক মাস ধরে পিটিআই নেতাদের ইমরানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সীমিত রয়েছে। ফলে বর্তমানে কারাগারে থাকা ইমরানের নিজস্ব রাজনৈতিক অবস্থান কী, তা দলের শীর্ষ নেতাদের বক্তব্যের সঙ্গে পুরোপুরি মেলে কি না, সেটিও স্পষ্ট নয়।

ইমরানের চিকিৎসা ও কারাবন্দিত্ব নিয়েও সাম্প্রতিক সময়ে উদ্বেগ তৈরি হয়েছে। আদালতের নির্দেশে তার চিকিৎসা সংক্রান্ত বিষয় সামনে আসার পাশাপাশি পরিবার ও দলের পক্ষ থেকে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুখারি জানিয়েছেন, রাজনৈতিক সংকটের সমাধানে সমঝোতার সম্ভাবনা থাকলেও পিটিআই ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন থেকে সরে আসছে না। দলটি সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির কথাও জানিয়েছে।

তবে বুখারির বক্তব্য নিয়ে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ