ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, “যতদিন আমার নিঃশ্বাস চলবে, আমি আমার পথচলা অব্যাহত রাখব।” সোমবার ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোববার মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, “আমরা হয় শক্তির সঙ্গে এগিয়ে যাব, নয়তো শহীদ হব—উভয় ক্ষেত্রেই এটি […]
ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, “যতদিন আমার নিঃশ্বাস চলবে, আমি আমার পথচলা অব্যাহত রাখব।”
সোমবার ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোববার মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, “আমরা হয় শক্তির সঙ্গে এগিয়ে যাব, নয়তো শহীদ হব—উভয় ক্ষেত্রেই এটি আমাদের জন্য বিজয়।”
তিনি আরও বলেন, তার জীবন ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। দেশের সমস্যা সমাধানে মাঠে থেকে দায়িত্বশীলভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নাকি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ইরান সরকার তাৎক্ষণিকভাবে সেই খবর প্রত্যাখ্যান করেছে।
সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, “শত্রুভাবাপন্ন এই মিডিয়ার দাবি দেশে অস্থিরতা তৈরির একটি অংশ। যখনই জাতীয় ঐক্য আরও মজবুত হয় এবং জনগণ সংকটের সময় একত্রিত হয়, তখনই এমন গুজব ছড়ানোর চেষ্টা বাড়ে।”
তিনি আরও বলেন, “অনেক মিডিয়া বাস্তবতার বদলে নিজেদের ইচ্ছাকে সংবাদ বানিয়ে প্রচার করে। কিন্তু দেশের বাস্তব চিত্র দেখা যায় চলমান রাষ্ট্রীয় কাজকর্মে।”
মোহাজেরানি জানান, রোববারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা বৈঠকেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান সভাপতিত্ব করেছেন। সেখানে জনগণের সেবা অব্যাহত রাখা, জাতীয় ঐক্য বজায় রাখা এবং রাষ্ট্রীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রেসিডেন্ট বলেন, “জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেখান থেকে আমরা এক পা-ও পিছিয়ে যাব না।”