ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দেহাবশেষ শনাক্ত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের টাম্পা বে এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া দেহাংশ পরে বৃষ্টির বলে নিশ্চিত করা হয়। একই এলাকার কাছ থেকে এর আগে আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহও উদ্ধার করা হয়েছিল। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ […]
ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দেহাবশেষ শনাক্ত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের টাম্পা বে এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া দেহাংশ পরে বৃষ্টির বলে নিশ্চিত করা হয়। একই এলাকার কাছ থেকে এর আগে আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহও উদ্ধার করা হয়েছিল।
দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন। এরপর তাদের খুঁজতে ব্যাপক অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে প্রথমে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
এর দুই দিন পর, ২৬ এপ্রিল একই ব্রিজের কাছাকাছি একটি জলাশয় থেকে আরও কিছু দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত করা হয়।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেহাবশেষগুলো আকস্মিকভাবেই খুঁজে পান দুই ব্যক্তি। সেন্ট পিটার্সবার্গের ম্যানগ্রোভ বনে মাছ ধরতে গিয়ে তারা পানিতে আটকে থাকা একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটির কাছাকাছি গেলে তীব্র দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় তাদের। পরে ব্যাগ খুলে মানবদেহের অংশ দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন তারা।
পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষা, দাঁতের গঠন এবং পোশাকের মিলের মাধ্যমে বৃষ্টির পরিচয় নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়া দেহাংশ থেকে নেওয়া ডিএনএ নমুনা নিখোঁজ বৃষ্টির তথ্যের সঙ্গে মিলে যায়। পাশাপাশি তার আগের দাঁতের চিকিৎসার রেকর্ডের সঙ্গেও মিল পাওয়া গেছে।
নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি যে পোশাক পরেছিলেন, উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে থাকা পোশাকেরও মিল পাওয়া যায়। এতে শনাক্তকরণ আরও নিশ্চিত হয় বলে জানিয়েছে তদন্তকারীরা।
এ ঘটনায় লিমনের সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, তার বাসা থেকে সংগ্রহ করা রক্তের নমুনার ডিএনএ উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে মিলেছে।
ফ্লোরিডা পুলিশ ইতোমধ্যে বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও গভীর শোক প্রকাশ করেছে। দুই শিক্ষার্থীর স্মরণে শোকসভা আয়োজনের পাশাপাশি তাদের স্মৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।