যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) চুক্তিটি স্বাক্ষরিত হলে সম্প্রতি আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, কীভাবে আরও শুল্ক […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) চুক্তিটি স্বাক্ষরিত হলে সম্প্রতি আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, কীভাবে আরও শুল্ক কমানো যায়। শুধু সামগ্রিক ট্যারিফ কমানো নয়, বিশেষ করে আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের ক্ষেত্রে শুল্ক শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েই আলোচনা চলছে।”
চুক্তির শর্ত আগেভাগে প্রকাশ হয়ে যাওয়ায় শুল্ক কমানোর সুযোগ সীমিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যদি এই চুক্তির শর্তগুলো প্রকাশ না হতো, তাহলে ২০ শতাংশের চেয়েও কম শুল্ক আদায় করা সম্ভব হতো। তারপরও প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা ট্যারিফ ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।”
নির্বাচনের তিন দিন আগে এমন চুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমাদের প্রায় সাত লাখ কর্মসংস্থান এবং এক লাখ কোটি টাকার রপ্তানি এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত। ভবিষ্যৎ সরকারকে বড় ঝুঁকির মুখে ফেলে যাওয়ার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। বিভিন্ন দেশে স্বল্প সময়ের ব্যবধানে শুল্কহার ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের রপ্তানি ও কর্মসংস্থান রক্ষায় এখনই কার্যকর সিদ্ধান্ত নেওয়া জরুরি।