সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
২:০৩ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের জন্য সংকুচিত হচ্ছে আইনি সুযোগ, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও জীবনের নিরাপত্তাহীনতা থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয় পাওয়ার পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিবাসন নীতিতে সীমান্তে আশ্রয় আবেদন বন্ধ, বিচারাধীন আবেদন বাতিল এবং অভিবাসন আদালতের কাঠামোয় বড় পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এখন এসব নীতির আইনি বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন […]

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের জন্য সংকুচিত হচ্ছে আইনি সুযোগ, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৬ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও জীবনের নিরাপত্তাহীনতা থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয় পাওয়ার পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিবাসন নীতিতে সীমান্তে আশ্রয় আবেদন বন্ধ, বিচারাধীন আবেদন বাতিল এবং অভিবাসন আদালতের কাঠামোয় বড় পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এখন এসব নীতির আইনি বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা।

ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-এর ২৭ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয় আবেদন গ্রহণ বন্ধ রেখেছে। একই সঙ্গে হাজার হাজার বিচারাধীন আবেদন বাতিল করা হয়েছে। অভিবাসন আদালতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যার অংশ হিসেবে অভিজ্ঞ বিচারকদের একটি বড় অংশকে বরখাস্ত করা হয়েছে।

সমালোচকদের মতে, এসব পদক্ষেপ একসঙ্গে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার দীর্ঘদিনের ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে তুলেছে। বিশেষ করে যারা নিজ দেশে নির্যাতন বা প্রাণনাশের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে নিরাপত্তা খুঁজছেন, তাদের জন্য আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ সংকুচিত হয়েছে।

সুপ্রিম কোর্টে আশ্রয় নিষেধাজ্ঞার বৈধতা

ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই দক্ষিণ সীমান্তে জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে একটি নির্বাহী ঘোষণা জারি করেন। এতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আশ্রয় আবেদন ও সংশ্লিষ্ট কিছু আইনি সুরক্ষার সুযোগ সীমিত করা হয়।

প্রশাসনের যুক্তি, সীমান্তে কথিত ‘আগ্রাসন’ এবং আশ্রয় ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন। তবে অভিবাসন অধিকারকর্মীদের বক্তব্য, কংগ্রেসের প্রণীত অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় চাওয়ার যে অধিকার রয়েছে, প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে তা বাতিল করতে পারেন না।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেন অভিবাসন অধিকারকর্মীরা। দুটি নিম্ন আদালত প্রশাসনের অবস্থানের বিরুদ্ধে রায় দিলেও আইনি লড়াই চলার কারণে নিষেধাজ্ঞাটি বড় অংশে কার্যকর রয়েছে।

গত ১৩ নভেম্বর সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের করা আপিল শুনতে সম্মত হয়েছে। মামলাটিতে মূলত প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদিত আইন ও বিদ্যমান আইনি প্রক্রিয়া পাশ কাটিয়ে একতরফাভাবে আশ্রয়প্রার্থীদের আবেদন করার সুযোগ বন্ধ করতে পারেন কি না।

সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি আগামী মাসগুলোতে হওয়ার কথা। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২০২৭ সালের জুনের শেষ দিকে।

তৃতীয় দেশে পাঠানোর নীতিও আদালতের বিবেচনায়

আশ্রয়প্রার্থীদের জন্য আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো, নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে অন্য কোনো দেশে নির্বাসনের নীতি।

ট্রাম্প প্রশাসন এমন কিছু দেশের সঙ্গে সমঝোতা করেছে, যারা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে। এসব দেশে পাঠানো ব্যক্তিরা সেখানে আশ্রয়ের আবেদন করতে পারবেন বলে প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে।

তবে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ, এসব দেশের কয়েকটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সেখানে পাঠানো ব্যক্তিরা নিরাপদ থাকবেন কি না, কিংবা শেষ পর্যন্ত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে কি না, সে নিশ্চয়তাও সব ক্ষেত্রে স্পষ্ট নয়।

গত ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সাময়িকভাবে তৃতীয় দেশে অভিবাসীদের বহিষ্কার পুনরায় চালুর অনুমতি দেয়। একই সঙ্গে নীতিটির বৈধতা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির সিদ্ধান্ত নেয় আদালত। আগামী ৯ ডিসেম্বর এ মামলার শুনানি হওয়ার কথা।

এই মামলায় আদালতকে বিবেচনা করতে হবে, তৃতীয় দেশে বহিষ্কারের ক্ষেত্রে অভিবাসীদের যথাযথ আইনি প্রক্রিয়া পাওয়ার অধিকার লঙ্ঘিত হচ্ছে কি না এবং প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনগত ক্ষমতা রয়েছে কি না।

বাতিল হচ্ছে হাজারো আবেদন, বদলে যাচ্ছে অভিবাসন আদালত

আশ্রয়প্রার্থীদের জন্য সংকট শুধু সীমান্তে আবেদন বন্ধ থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, আবেদন অসম্পূর্ণ অথবা দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ নেই—এমন যুক্তিতে অভিবাসন বিচারকদের মাধ্যমে অনেক আবেদন বাতিলের চেষ্টা করছে প্রশাসন। কোনো আবেদনকারী তৃতীয় কোনো দেশে আশ্রয় চাইতে পারেন, এমন যুক্তিও ব্যবহার করা হচ্ছে।

এভাবে হাজার হাজার বিচারাধীন আবেদন বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

অভিবাসন আদালতের বিচারক নিয়োগ ও কাঠামোতেও বড় পরিবর্তন এসেছে। ট্রাম্প প্রশাসনের প্রথম বছরে প্রায় ৪০ শতাংশ অভিবাসন বিচারক বরখাস্ত হয়েছেন অথবা পদত্যাগ করেছেন। এর মধ্যে অভিজ্ঞ বিচারকদেরও অনেকে রয়েছেন।

এনপিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে বরখাস্ত হওয়া শিকাগোর সাবেক সহকারী প্রধান অভিবাসন বিচারক জেনিফার পেটন বলেছেন, অভিবাসন আদালতগুলোর আগের চিত্র এখন আর নেই। তাঁর মতে, নতুন বিচারকদের একটি বড় অংশ অভিবাসন আইন ও আশ্রয় আবেদনের প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব পালন করছেন।

এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন আদালতসংক্রান্ত প্রায় ৬০টি নীতিগত স্মারক জারি হয়েছে। জো বাইডেনের চার বছরের মেয়াদে এ ধরনের স্মারকের সংখ্যা ছিল ৩০টি।

আশ্রয় প্রত্যাখ্যানের হার বেড়েছে

সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প টিআরএসি-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের জাতীয় হার বেড়ে ৯৪ শতাংশে পৌঁছেছিল। ২০২৪ সালে বাইডেন প্রশাসনের শেষ পূর্ণ বছরে এ হার ছিল প্রায় ৫০ শতাংশ।

অন্যদিকে, দক্ষিণ সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এনপিআরের প্রতিবেদনে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ২০২৬ অর্থবছরে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বর্ডার পেট্রোলের হাতে আটক হওয়া মানুষের সংখ্যা ৯৯ হাজারের নিচে নেমেছে। আগের বাইডেন প্রশাসনের সময়ে বছরে এ সংখ্যা ছিল ১৮ লাখের বেশি।

ট্রাম্প প্রশাসনের নীতির সমর্থকরা সীমান্তে আটকের সংখ্যা কমে আসাকে এসব পদক্ষেপের সাফল্য হিসেবে দেখছেন। হেরিটেজ ফাউন্ডেশনের গবেষক সাইমন হ্যাঙ্কিনসন মনে করেন, দক্ষিণ সীমান্ত দিয়ে আসা অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় পাওয়ার যোগ্য নন। তাঁর দাবি, অনেকে মূলত কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান।

তবে অভিবাসন অধিকারকর্মীদের বক্তব্য, সীমান্তে প্রবেশের সংখ্যা কমে যাওয়াই আশ্রয়প্রার্থীদের ন্যায্য আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করার যৌক্তিকতা হতে পারে না।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) অভিবাসী অধিকার প্রকল্পের প্রধান আইনজীবী লি গেলের্ন্ট বলেন, বিপদের মুখে থাকা মানুষদের জন্য কংগ্রেস যে সুরক্ষা দিয়েছে, তা প্রেসিডেন্ট এককভাবে বাতিল করার অধিকার রাখেন না।

একজন ইথিওপীয় আশ্রয়প্রার্থীর মামলা

এনপিআরের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের বর্তমান পরিস্থিতির উদাহরণ হিসেবে ইথিওপিয়ার এক ব্যক্তির ঘটনা তুলে ধরা হয়েছে। নিরাপত্তার কারণে তাঁর পরিচয় শুধু ‘জেডজি’ হিসেবে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিজ দেশে নির্যাতনের শিকার হওয়ার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন ওই ব্যক্তি। সীমান্তে আত্মসমর্পণের পর তাকে আটক করা হয় এবং তিনি আশ্রয়ের আবেদন করেন।

তার আইনজীবী মাধবী নারায়ণনের ভাষ্য অনুযায়ী, জেডজি ইথিওপিয়ার একটি আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। দেশটির চলমান সশস্ত্র সংঘাতের কারণে ওই জনগোষ্ঠীর মানুষের ওপর সহিংসতার ঝুঁকি রয়েছে। নির্যাতনের পক্ষে প্রয়োজনীয় নথি ও চিঠিও আদালতে জমা দেওয়া হয়েছিল।

কিন্তু আশ্রয় আবেদনের শুনানির পরিবর্তে চলতি মাসে তাকে উগান্ডায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দেশটিতে এর আগে কখনো যাননি তিনি।

নারায়ণনের মতে, আগের আইনি ব্যবস্থায় এ ধরনের ঘটনা হলে আবেদনটির পক্ষে শক্তিশালী যুক্তি উপস্থাপনের সুযোগ থাকত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবেদনকারীরা সেই সুযোগ পাচ্ছেন না।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে নজর

আশ্রয় নিষেধাজ্ঞা, তৃতীয় দেশে বহিষ্কার এবং অভিবাসীদের আটক রাখার নীতি—এই তিনটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সামনে একাধিক মামলা রয়েছে।

আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির গুরুত্বপূর্ণ অংশগুলো কতটা বহাল থাকবে। আশ্রয় অধিকারকর্মীরা আশা করছেন, আদালত তাদের পক্ষে রায় দিলে আশ্রয়প্রার্থীদের আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ আবারও বাড়তে পারে।

তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করতে আগ্রহী এবং ইতিমধ্যে আবেদন করেছেন—এমন বহু মানুষ অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন।

তথ্যসূত্র: এনপিআর, মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, টিআরএসি ও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ